
নিউজ ডেশকঃ জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ)-এর নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইপিইউ সম্মেলনের সফল আয়োজনের জন্য বাংলাদেশ গর্বিত। আগামী নভেম্বরে বাংলাদেশ সিপিএ সম্মেলন হবে। আইপিইউ’র অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো সফলভাবে ওই সম্মেলন আয়োজন করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে একাধিক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আশা প্রকাশ করেন। তিনি প্রথমে আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং ও পরে পার্লামেন্টস ফর নিউক্লিয়ার নন- প্রোলিফারেশন এন্ড ডিসআর্মামেন্ট (পিএনএনডি) প্রতিনিধি দলের সাক্ষাৎ করেন। এসময় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক ও ইকবালুর রহিম এবং সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদল, ডা. দীপু মনি, আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মো. ফখরুল ইমাম, সাবিনা আক্তার তুহিন, মাহজাবিন খালেদ, কাজী নাবিল আহমেদ, ওয়াসিকা আয়েশা খান ও মাহজাবিন মোর্শেদ উপস্থিত ছিলেন।
এসময় স্পিকার বলেন, আইপিইউ সম্মেলনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা ও স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করাসহ বেশ কয়েকটি প্রস্তাবনা গ্রহণ করা হয়েছে। যা সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বকে সুরক্ষায় ভূমিকা রাখবে। তিনি বলেন, ঢাকা ঘোষণায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বৈষম্য কমানো, মানবাধিকার সুরক্ষা, আইনি কাঠামো শক্তিশালী করা এবং বাজেট বরাদ্দ নিশ্চিত করার মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা আইপিইউ’র কার্যক্রমকে আরো গতিশীল করবে।
এসময় আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং ১৩৬তম আইপিইউ এসেম্বলির সফল আয়োজনের জন্য স্পিকার ও ১৩৬তম আইপিইউ এসেম্বলির সভাপতি ড.শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানান। এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে পিএনএনডি’র প্রতিনিধি দলের প্রধান মনি শংকর আয়ার বলেন, পারমানবিক অস্ত্রমুক্ত বিশ্ব বিনির্মাণে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। এজন্য তিনি বিশ্বের সকল দেশের সহযোগিতা কামনা করেন।