
নিউজ ডেস্ক : ওয়ানডে ক্রিকেটের সফল অধিনায়ক নাড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজাকে টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক পদে ফিরিয়ে আনার দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেলা ১১ টায় শহরের রূপগঞ্জ প্রজন্ম চত্বরে ক্রিকেটপ্রেমী নড়াইলবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক কাত্তিক দাস, ব্যবসায়ী আসলাম খান লুলু, গিয়াস উদ্দিন খান ডালু, নিমায় চন্দ্র পাল, ক্রীড়াবিদ আব্দুর রশিদ মন্নু, নড়াইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুল প্রমুখ। এ সময় বক্তারা, টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক পদে নড়াইল এক্সপ্রেস মাশরাফিকে ফিরে পাওয়ার জোর দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।