
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পাসপোর্টে সেবা পাওয়া জনগণের অধিকার। জনগণকে এই সেবা দিতে যেখানেই পাসপোর্ট অফিসের প্রয়োজন হবে সেখানেই সরকার অফিস খুলে দেবে।
আজ বৃহস্পতিবার সচিবালয়ের ভেতরে পাসপোর্ট অধিদদফতরের একটি শাখা উদ্ধোধনকালে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাসুদ রেজওয়ান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা। সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় সংলগ্ন ১ তলা ভবনের ৩ কক্ষের এই পাসপোর্ট অফিসের কর্মী সংখ্যা ৩ জন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাসপোর্ট অধিদফতরের ৬৯তম এই অফিস থেকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদেরও সেবা দেওয়ার ব্যবস্থা হবে। তিনি বলেন, সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীরা সারাদিন অফিসে থাকেন। তাদের পাসপোর্ট করার প্রয়োজন হলে অন্য জায়গায় সময় দিতে হতো। এখন সেই সমস্যা কাটবে।
পাসপোর্ট অফিসগুলোতে দালালদের দৌরাত্ম প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার জানা মতে পাসপোর্ট অফিসগুলোতে এখন দালালদের দৌরাত্ম অনেক কমে গেছে। পাসপোর্ট অফিসগুলোতে হেল্প ডেস্ক করায় দালালদের দৌরাত্ম আর আগের মত নেই। ভারতের সঙ্গে ভিসা সহজীকরণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,আমাদের অসুবিধাগুলো বিবেচনা করে তাদের সহযোগিতা করতে বলি, তারা ইতোমধ্যে অনেকগুলো স্টেপ এগিয়ে গেছে, অনেক সহজ করেছে।