News71.com
 Bangladesh
 06 Apr 17, 12:45 PM
 235           
 0
 06 Apr 17, 12:45 PM

মানব উন্নয়নে বাংলাদেশের উন্নতি হয়েছে ৩ ধাপ....

মানব উন্নয়নে বাংলাদেশের উন্নতি হয়েছে ৩ ধাপ....

 

নিউজ ডেস্ক : জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের তিন ধাপ উন্নতি হয়েছে। বুধবার (৫ এপ্রিল) প্রকাশিত 'মানব উন্নয়ন প্রতিবেদন-২০১৬' তে এ তথ্য তুলে ধরা হয়।আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশন ও ইউএনডিপি যৌথভাবে এ প্রতিবেদন প্রকাশ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। বিশেষ বক্তা ছিলেন নিউইয়র্কে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের পরিচালক ড. সেলিম জাহান। প্রতিবেদনে বলা হয়, গড় আয়ু বৃদ্ধি, মাথাপিছু আয়সহ সামাজিক বিভিন্ন সূচকে উন্নতি করেছে বাংলাদেশ।

বিশ্বের ১৮৮টি দেশকে সূচকে অন্তর্ভুক্ত করা হয়। ২০১৫ সালের বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে তৈরি করা এ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১৩৯তম। বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে ঘানা ও জাম্বিয়া। এর আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ১৪২তম।

এ বছর এদিকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সূচকে নেপাল ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। তবে এগিয়ে রয়েছে শ্রীলংকা, মালদ্বীপ, ভারত ও ভুটান।

ইউএনডিপির মানব উন্নয়ন সূচক নির্ণয়ে মূল মানদন্ড হিসেবে ব্যবহার করা হয়েছে নাগরিকদের প্রত্যাশিত আয়ুষ্কাল, শিক্ষা ও মাথাপিছু জাতীয় আয়। যেসব দেশের মানুষের প্রত্যাশিত আয়ুষ্কাল বেশি, শিক্ষাব্যবস্থার মান উন্নত ও মাথাপিছু আয় বেশি, সেসব দেশ এ সূচকের তালিকার শীর্ষ পর্যায়ে রয়েছে। সূচকে সবার শীর্ষে রয়েছে নরওয়ে। এর পরের অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, জার্মানি, সিঙ্গাপুর ও ডেনমার্ক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন