News71.com
 Bangladesh
 06 Apr 17, 11:26 AM
 204           
 0
 06 Apr 17, 11:26 AM

নাটোরে সাংবাদিকতাকে কটাক্ষ করায় সাংবাদিকরা বয়কট সাংসদের অনুষ্ঠান.....

নাটোরে সাংবাদিকতাকে কটাক্ষ করায় সাংবাদিকরা বয়কট সাংসদের অনুষ্ঠান.....

নিউজ ডেস্ক : নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষক সম্মেলনে সাংবাদিকতা পেশাকে কটাক্ষ করে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে অনুষ্ঠান বয়কট করেছেন স্থানীয় সাংবাদিকরা। বুধবার (৫ এপ্রিল) বিকেলে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে এই ঘটনা ঘটে।

বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও স্থানীয় সাংবাদিকরা জানান, বুধবার দুপুরে বাগাতিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে এক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর-বাগাতিপাড়া আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ।

অনুষ্ঠান শুরুর বেশ কিছু পরে প্রধান অতিথি হিসেবে আবুল কালাম আজাদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি ওকালতি আর সাংবাদিকতা পেশাকে কটাক্ষ করে বলেন, যার নাই কোন গতি সেই করে ওকালতি আর সাংবাদিকতা। বিষয়টি শোনামাত্র সাংবাদিকরা সভাস্থল ত্যাগ করেন। বিষয়টি সম্পর্কে যোগাযোগ করা হলে স্থানীয় সাংবাদিকরা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এক প্রশ্নের জবাবে প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকদের একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। একটি দেশের সার্বিক উন্নয়ন, গণতন্ত্রের চর্চা সহ সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা আর মানবাধিকারের জন্য সাংবাদিকরা নিজের জীবন বিসর্জন দিয়েও সংগ্রাম করেন। এছাড়া আইনের শাসনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও সাংবাদিকতার রয়েছে অনন্য অবদান। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যেখানে এই পেশাকে যুগোপোযোগী আর পেশাদারিত্ব আনয়নে নিরলস চেষ্টা করে যাচ্ছেন, সেখানে একজন সংসদ সদস্য হয়ে জনসম্মুখে এই পেশাকে অসম্মান করা প্রকারান্তরে জাতীয় সংসদকেই ছোট করার অপপ্রয়াস।

বিষয়টি সম্পর্কে যোগাযোগ করা হলে নাটোর জজকোর্টের পিপি এড. সিরাজুল ইসলাম জানান, তিনি বিষয়টি জানেন না। তবে তার ধারণা সংসদ সদস্য হয়ত তামাশা করেই বিষয়টি বলেছেন কেননা তিনি নিজেও একজন এডভোকেট। যদি তিনি কটাক্ষ করেই কথাটি বলেন তবে তা ঠিক হয়নি। এ ব্যাপারে যোগাযোগ করা হলে আবুল কালাম আজাদ বক্তব্যের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি আসলে এভাবে কথাটি বলেন নি। যেহেতু অধিকাংশ সাংবাদিকরাই কোন বেতন, ভাতাসহ সকল সুবিধা থেকে বঞ্চিত তাই তিনি একথাটি বলেছেন।

বাগাতিপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি, চকগোয়াশ বেগুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, বাগাতিপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন