News71.com
 Bangladesh
 06 Apr 17, 11:20 AM
 184           
 0
 06 Apr 17, 11:20 AM

আহম্মেদ শফীর নেতৃত্বে কওমি মাদ্রাসার শিক্ষা সনদের সরকারি স্বীকৃতির ঘোষণা ১১ এপ্রিল....

আহম্মেদ শফীর নেতৃত্বে কওমি মাদ্রাসার শিক্ষা সনদের সরকারি স্বীকৃতির ঘোষণা ১১ এপ্রিল....

 

নিউজ ডেস্ক : কওমি মাদ্রাসার শিক্ষা সনদের আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা আসছে ১১ এপ্রিল। এদিকে নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বেফাক সভাপতি শাহ আহমদ শফীর দাবি মেনেই কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে এমএ (আরবি/ ইসলামের ইতিহাস) সমমান দেওয়া হবে। এ ক্ষেত্রে কওমি মাদ্রাসার শিক্ষা পদ্ধতি, সিলেবাস ও মাদ্রাসা পরিচালনায় কোনও রূপ প্রত্যক্ষ ও পরোক্ষ পরিবর্তন করা হবে না এবং এতে  সরকারের কোনও নিয়ন্ত্রণও থাকছে না। শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ব প্রস্তাবিত কওমি মাদ্রাসা কর্তৃপক্ষ ও কমিশনও হচ্ছে না। আহমদ শফীর নেতৃত্বাধীন বেফাকের নেতৃত্বে দেশের ৬টি কওমি মাদ্রাসা বোর্ডের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্বীকৃতির ঘোষণা শাহ আহমদ শফীসহ দেশের বিভিন্ন কওমি মাদ্রাসা বোর্ডের শীর্ষ নেতাদের উপস্থিতিতে দেবেন বলে জানিয়েছে সূত্র। এ জন্য আহমদ শফী শুক্রবার (৯ এপ্রিল) চট্টগ্রাম থেকে ঢাকা আসবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা বেফাকের সঙ্গে যোগাযোগ করেছেন।

সর্বশেষ গত ২৮ মার্চ বিকেলে স্বীকৃতির বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকে করে আল্লামা শাহ আহমদ শফীর ৫ সদস্যের একটি লিয়াজো কমিটি। সেই বৈঠকে দ্রুত সময়ের মধ্যে  কওমি মাদ্রাসার শিক্ষা সনদ স্বীকৃতি দেওয়া সিদ্ধান্তের কথা জানানো হয়। সেই বৈঠকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল জয়নুল আবেদিন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব সোহরাব হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। কওমি সনদের স্বীকৃতির বিষয়ে গঠিত কমিটিতে দেশের বিভিন্ন মাদ্রাসা বোর্ডের প্রতিনিধিত্ব থাকলেও বেফাকের আধিপত্য থাকবে বলে জানায় সূত্র। সেই কমিটিকেই আন্ষ্ঠুানিকভাবে স্বীকৃতি দেবে শিক্ষা মন্ত্রণালয়।

গত  ১০ ডিসেম্বর চট্টগ্রামে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় দেশের কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ডগুলো  ও কওমি অঙ্গনের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের নিয়ে সভা করেছিলেন আহমদ শফী। সেই সভায় ‘কওমি মাদ্রাসার দাওরায়ে হাদীসের সনদের মান বাস্তবায়ন কামিটি’ নামে ২২ জন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে কমিটিতে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ থেকে ৭ জন, ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ থেকে ৩ জন, আযাদ দ্বীনি এদারায়ে তা’লীম বাংলাদেশ থেকে ৩ জন, তানজিমুল মাদারিস আদ-দ্বীনিয়া বাংলাদেশ থেকে ৩জন, গওহর ডাঙ্গা বেফাকুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশ থেকে ৩জন এবং জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ থেকে ৩ জনসহ মোট ২২জন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিল। সেই ২২ জন সদস্যের  কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন শাহ আহমদ শফী । কমিটির বৈঠকে আহমদ শফী উপস্থিতি হতে না পারলে মাওলানা আশরাফ আলীকে দায়িত্ব পালনের ক্ষমতা দেওয়া হয়েছিল। সেই কমিটির আদলেই শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে। নতুন এ কমিটির সভাপতি বা চেয়ারম্যান থাকবেন আহমদ শফী, কো-চেয়ারম্যান থাকবেন মাওলানা আশরাফ আলী। দীর্ঘদিন ধরে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির বিষয়ে কাজ করলেও  মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ ও মাওলানা মুফতী রুহুল আমীন কমিটির কোনও দায়ীত্বে থাকছেন না।

এই প্রসঙ্গে বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গার  (কওমি মাদরাসা শিক্ষা বোর্ড গওহরডাঙ্গার) চেয়ারম্যান মুফতি রুহুল আমীন বলেন, ‘১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমি সনদের স্বীকৃতির ঘোষণা দিতে পারেন। আমরাও আশাবাদী আনুষ্ঠানিকভাবে কওমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতির ঘোষণা হবে।’ বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেফাক সভাপতি আল্লামা শাহ আহমদ শফীসহ দেশের বিভিন্ন কওমি মাদ্রাসা বোর্ডের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এ ঘোষণা দেবেন। আমাদের সঙ্গে সরকারের যোগযোগও হয়েছে।’ তিনি আরো বলেন, ‘১১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে কওমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতির ঘোষণা হতে  পারে।’ উল্লেখ্য, ২০১২ সালের ১৫ এপ্রিল প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করা হয়। ২০১৩ সালে কওমি সনদের স্বীকৃতি দিতে উদ্যোগ নেয় সরকার। ‘কওমি মাদ্রাসা শিক্ষা আইন-২০১৩’ অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকেও ওঠে। তখন স্বীকৃতির বিরোধিতা করে হেফাজতে ইসলাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন