
নিউজ ডেস্ক : ২০১৬ সালের জুলাইয়ে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ হাসিব খানের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামীকাল বৃহস্পতিবার। দুপুরে ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করবেন। গত ১৪ মার্চ আত্মপক্ষ সমর্থনের শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে বিচার প্রার্থনা করেন তাহমিদ। গত ২০ মার্চ মামলার একমাত্র আসামি তাহমিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এই দিন ধার্য করা হয়।
মামলার নথি থেকে জানা যায়, গত বছর হলি আর্টিজানে হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় তাহমিদকে গ্রেফতার করা হয়। পরে তাকে ৫৪ ধারা থেকে অব্যহতি দেওয়া হয়। এর পরই তার বিরুদ্ধে পুলিশকে অসহযোগিতা করার অভিযোগ আনা হয়। তাহমিদ খালাস পাবেন বলে আশা প্রকাশ করে তার আইনজীবী মতিউর রহমান সাংবাদিকদের বলেন, ‘প্রসিকিউশন পক্ষ মামলা পরিচালনা করতে ব্যর্থ হয়েছে। আমরা আশা করছি, আমার ক্লায়েন্ট খালাস পাবেন।’
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের একটি বাসা থেকে তাহমিদকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়। পরবর্তীতে ‘সংশ্লিষ্টতা না পাওয়ায়’ ২৮ সেপ্টেম্বর তাহমিদ হাসিব খানকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন এবং সরকারি কর্মচারীর নোটিশের জবাব না দেওয়ায় একটি নন-প্রসিকিউশন মামলা দায়ের করেন।