
নিউজ ডেস্কঃ আগামী বছর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অবসরে যাবেন বলে জানিয়েছেন।তিনি বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, যাবে। তবে আমি থাকবো না। আমি ২০১৮ সালে অবসরে চলে যাবো। অবসরে যাওয়ার জন্য এটা খুব ভালো সময়। কারণ তখন আমার বয়স ৮৫ হয়ে যাবে। আজ বুধবার বিকেলে দুটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বার্ষিক লভ্যাংশ প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
সম্প্রতি ভারত সফর সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং ভারতের অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) নিয়ে কথা হয়েছে। সাসেক নিয়ে আরো ভালো কিছু হতে পারতো। এখন আমাদের অর্থনৈতিক সার্বভৌমত্ব অত্যন্ত সীমিত।
তিনি বলেন, এখন আমরা প্রত্যেকে (একেকটি দেশ) প্রত্যেকের সম্পর্কে জানছি, জ্ঞান আহরণ করছি। এটি একটি ভালো দিক। কারণ এতে অন্য দেশের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কেও জানা যায়। আমাদের কথা ছিল-মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার, আমরা তা মোটামোটিভাবে হয়ে গেছি। ২০২৪ সালে এটার সিলটা পাবো।
মুহিত বলেন, এই অঞ্চলের মধ্যে আমাদের উন্নতিটা বেশ লক্ষ্যণীয়। আমরা ধারাবাহিকভাবে উন্নতি করছি। ভারতের পারফরম্যান্সও ভালো। তবে তাদের অনেক আপ অ্যান্ড ডাউন আছে। আমাদের সেরকম কোনো কিছু নেই। গত প্রায় ২০ বছর ধরে আমাদের প্রবৃদ্ধি ছয়ের বেশি আছে। এটা একটা বিশাল সাফল্য। আর বার্ষিক প্রবৃদ্ধি যদি ধরি তাহলে দেখা যায় ছয় দশমিক তিন, ছয় দশমিক পাঁচ, সাত এবং সাত দশমিক এক শতাংশ। এবার আমাদের লক্ষ্যমাত্রা হলো সাত দশমিক দুই শতাংশ। তবে আমার মনে হয় এটা সাত দশমিক দুই শতাংশ ছাড়িয়ে যাবে। কারণ, আমরা যেসব প্রক্ষেপণ করেছি তাতে আমাদের প্রবৃদ্ধি খুব ভালো হবে।
গত কয়েক বছর অর্থনীতির জন্য ভালো গেছে উল্লেখ করে তিনি বলেন, ২০১৫ সালটা ভালো গেছে। ২০১৬-ও তাই। আর এ বছর এখন পর্যন্ত সব ভালো। মানুষ এখন অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে এতো ব্যস্ত যে, এখানে কোনো হরতাল নেই। আমার মনে হয়, এদেশে কেউ আর কোনো দিন হরতাল ডাকবে না। হরতালটা খুবই বিরক্তিকর। হরতাল না ডাকার কারণ হলো, অর্থনেতিক সাম্প্রসারণ। এখন দারিদ্র্য কমে গেছে। দারিদ্রতা কমে গেলে উৎপাদন বেড়ে যায়। আর উৎপাদন বাড়লে প্রবৃদ্ধি বাড়ে। এটা বাংলাদেশে আরো ১০ বছর চলবে। আশা করছি আমাদের ভবিষ্যত খুব ভালো হবে।
অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী বলেন, আমাদের ক্রমবর্ধমান অর্থ খাত এখন দৃশ্যমান। পুঁজিবাজারে সংস্কার কাজ চলছে। সেটা খুবই গুরুত্বপূর্ণ। কাজগুলো সম্পূর্ণ বাস্তবায়ন হলে পুঁজিবাজার আবারো ভালো অবস্থানে ফিরে আসবে।