
নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে গভীরে মোংলা বন্দরের ফেয়ারওয়ের একটি বিদেশি বাণিজ্যিক জাহাজে এক সপ্তাহ ধরে আটকে পড়া ১৯বাংলাদেশি শ্রমিক-কর্মচারীকে উদ্ধার করেছে নৌবাহিনীর সদস্যরা। বৈরি আবহাওয়া ও সমুদ্র উত্তাল থাকায় নিত্য প্রয়োজনীয় খাদ্য নিয়ে কোন নৌযান ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় এক সপ্তাহ ধরে বিশুদ্ধ পানি ও খাদ্যের অভাবে অনাহারে থাকা ওই ১৯জন সহ জাহাজটিতে থাকা মোট ৪৫নাবিককে মৃত্যুর ঝুঁকিতে পড়তে হয়। এই অবস্থায় নৌবাহিনীর জাহাজ বিএনএস করতোয়া আজ বুধবার সকালে তাদেরকে উদ্ধার করেছে।
নৌবাহিনীর সদস্যরা উদ্ধার হওয়া সকল শ্রমিক-কর্মচারীকে খাবার ও প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেল ৪ টায় তাদের হিরনপয়েন্ট এলাকায় মংলা বন্দর কর্তৃপক্ষের ট্যাগ বোটে তুলে দিয়েছে। আজ বুধবার গভীর রাতের যে কোন সময় ট্যাগ বোট যোগে মংলায় পৌঁছাতে পারবে বলে আশা করছেন উদ্ধার হওয়া শ্রমিক-কর্মচারীরা। তবে, বাংলাদেশি ২২জনের মধ্যে ১৯জনকে উদ্ধার করা হলেও বাকি ৩ জন চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা খাদ্যবাহী লাইটারেজ জাহাজের অপেক্ষায় এখনো ওই জাহাজটিতে অবস্থান করছেন। মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার এম ওয়ালিউল্লাহ এতথ্য নিশ্চিত করেছেন।
মংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, পানামা পতাকাবাহী জাহাজ এম,ভি স্টার অথয়া গত ১২মার্চ ইন্দোনেশিয়া থেকে প্রায় ২৮হাজার ৫০০ মেট্রিক টন কয়লা নিয়ে বঙ্গোপসাগরের গভীরে মংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় নোঙ্গর করে। আর গত ২৬ মার্চ ওই জাহাজটি থেকে পণ্য খালাস কাজে যোগ দেয় দেশীয় ২২জন শ্রমিক-কর্মচারী। প্রথম দফায় লাইটারে জাহাজ যোগে ২ হাজার ৫০০ মেট্রিক টন কয়লা খালাস করা হয়। গত ২৮ মার্চ থেকে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠলে সমুদ্র পথে জাহাজটির সঙ্গে নৌযানের যোগাযোগ বন্ধ হয়ে যায়।