
নিউজ ডেস্কঃ হেফাজতে নির্যাতনের অভিযোগে গোয়েন্দা (ডিবি) পুলিশের মিরপুর জোনাল টিমের সিনিয়র সহকারী কমিশনারের বিরুদ্ধে ন্যায় বিচার চেয়ে ঢাকার দায়রা আদালতে মামলা ঠুকেছেন ভুক্তভোগী। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা অভিযোগের সত্যতা উদঘাটনের জন্য বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
আইন-২০১৩ এর ৬/১৩ ধারার অপরাধে গতকাল মঙ্গলবার মামলাটি করেন জনৈক ব্যবসায়ি রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে আদালতের অতিরিক্ত পিপি শিহাব আহমেমদ জানান, মামলাটি একজন অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম পর্যায়ের বিচারক দিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য মূখ্য মহানগর হাকিমকে (সিএমএম) নির্দেশ দিয়েছেন।
বাদির আইনজীবী রফিকুল ইসলাম বলেন, আজ মামলাটি দায়ের করা হয়। বাদির জবানবন্দি নিয়ে বিচারক আজ আদেশের জন্য দিন রেখেছিলেন। আক্রোশের বশবর্তী হয়ে ডিবি কর্মকর্তা ভিকটিমকে অবৈধভাবে অপহরণ করে চাপ প্রয়োগের মাধ্যমে ভয়ভীতি ও অমানুষিক নির্যাতনের ফলে জীবনকে হুমকির মধ্যে ফেলে প্রতারণার অপরাধ করেছেন বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।
আরজিতে বলা হয়, বাদি রেজাউল করিমের বড় বোনের স্বামী মো. নাসির উদ্দিন গত ২৮ ফেব্রুয়ারি ময়মনসিংহের উদ্দেশ্যে ভাড়া গাড়ি নিয়ে বাসা থেকে বের হন। এরপর থেকে আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিলনা। গত ৪ মার্চ আসামি কুতুবুর রহমানসহ কয়েকজন সাদা পোশাকের লোক ভিকটিম নাসির উদ্দিনকে নিয়ে তার বসুন্ধরার বাসায় আসেন। মারাত্মক শারীরিক নির্যাতনে আহত থাকায় তখন ভিকটিমের চলতে কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছিল। এরপর তল্লাশির নামে আসামিসহ কয়েকজন ভিকটিমের শোবার ঘরে আলমারির তালা ভেঙে ভিকটিমের স্ত্রীর নয় লাখ টাকা মূল্যের ২০ ভরি স্বর্ণ নিয়ে নেয়।
ভিকটিমের ক্রেডিট কার্ড, ব্র্যাক, সিটি, ইউসিবিএল ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের চারটি চেক বইয়ের পাতায় স্বাক্ষর করানোর পর সবশেষে তার গাড়িটিও নিয়ে যায়। যাওয়ার সময় আসামি বলে যান, তাকে ১০ কোটি টাকা বখরা দিলে ভিকটিমকে ছেড়ে দেবেন। অন্যথায় তাকে কারেন্টে শক দিয়ে বাকি চেকে স্বাক্ষর করবেন এবং শেষ তাকে ক্রসফায়ারে দেবেন।
ভিকটিমকে নিয়ে যাওয়ার পর শাহ আলী থানার একটি মামলায় আসামি করে ২ দিনের রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করে। পরে চট্টগ্রামের বাঁশখালী থানায় একটি, মিরপুর ও কাফরুল থানায় একটি করে মামলা দায়ের করা হয়। মিথ্যা ও হয়রানিমূলক ওই চার মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভিকটিমকে এখনো আটক রাখা হয়েছে। তার পরিবারকেও চরম হয়রানি করা হচ্ছে।