News71.com
 Bangladesh
 05 Apr 17, 10:20 AM
 193           
 0
 05 Apr 17, 10:20 AM

গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে ফের আগুন

গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লীতে ফের আগুন

নিউজ ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাঁওতাল পল্লীর একটি টিনের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঘরের বেড়ার কিছু অংশ পুড়ে যায়। পরে সাঁওতালরাই দ্রুত নিয়ন্ত্রণে আনেন আগুন। সাঁওতালদের অভিযোগ, সুগার মিলের জমিতে ছাগল ঢুকে পড়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরেই আগুন দেওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার (৪ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে সংঘটিত এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান।

জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ৯ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমার ইউনিয়নের সাঁওতাল পল্লীর জয়পুরপাড়ায় জয়পুরপাড়ার হাসিবুর রহমানের একচালা একটি টিনের ঘরে কেরোসিন ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার ঘটনা বুঝতে পেরে সাঁওতালরা দ্রুত বেরিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের ধরা সম্ভব হয়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা নিয়ন্ত্রণ করায় বড় ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যান গোবিন্দগঞ্জ থানার এসআই শফিকুল ইসলাম। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মঙ্গলবার সকালে জয়পুরপাড়ার কাটাতারের পাশে রংপুর সুগার মিলের জমিতে সাঁওতালদের একটি ছাগল যায়। এসময় মিলের লেবার সর্দার রুহুল আমিন ও গার্ড রায়হান ছাগলটিকে তাড়িয়ে দেয়। এতে রুহুল ও রায়হানের সাথে সাঁওতালদের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। পরে স্থানীয়ভাবে উভয় পক্ষ নিয়ে বিষয়টি মীমাংসা হয়। এ ঘটনার পর রাতে ওই পল্লীর একটি ঘরের বেড়ায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

ক্ষতিগ্রস্ত হাসিবুর রহমান কাছে অভিযোগ করে বলেন, ‘মিলের জমিতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে সাঁওতালদের সঙ্গে মিলের লেবার ও গার্ডের হাতাহাতি হয়। এ ঘটনায় তারা ক্ষিপ্ত হয়ে ঘরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে।’ এ বিষয়ে জানার জন্য মিলের লেবার সর্দার রুহুল আমিন ও গার্ড রায়হানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। তবে এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গাইবান্ধার গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারে গত ৬ নভেম্বর আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে তিন সাঁওতাল মারা যান। এসময় পুলিশ তাদের বসত-ঘরগুলো আগুনে পুড়িয়ে দেয় বলে অভিযোগ করেন সাঁওতালরা। পরে এক ভিডিওতে পুলিশ সদস্যদের এসব বাড়িঘরে আগুন লাগাতে দেখা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন