
নিউজ ডেস্ক : আসন্ন ২০১৭-২০১৮ অর্থবছরের জাতীয় বাজেটে কালো টাকাকে বৈধতা না দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। মঙ্গলবার (৪ এপ্রিল) গণমাধ্যমে এ সংক্রান্ত একটি বিবৃতি পাঠান তিনি।
কালো টাকাকে বৈধতা প্রদান সংবিধানের ২০ (২) ধারার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে টিআইবি। এই চর্চা সরকারের নির্বাচনি অঙ্গীকারেরও পরিপন্থী এবং দুর্নীতি প্রসারে সহায়ক ও সুরক্ষা প্রদানের সমার্থক বলে মন্তব্য করেছে প্রতিষ্ঠানটি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, “কালো টাকা উপার্জনকে বৈধতা দেওয়া শুধু অনৈতিকই নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতায় এটিও প্রমাণিত যে, ধারাবাহিকভাবে এই জাতীয় অসাধু সুযোগ প্রদান দেশের অর্থনীতিতে মোটেও ইতিবাচক অবদান রাখে না। সেই সঙ্গে রাজস্ব আদায়ের ক্ষেত্রেও কোন সহায়ক ভূমিকা পালন করে না।’
এ ধরনের অনৈতিক দাবির কাছে নতি স্বীকার করে আসন্ন বাজেটে উল্লিখিত সুবিধা প্রদান করা হলে বর্তমান সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভিশন ২০২১, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও জাতীয় শুদ্ধাচার কৌশলে বিধৃত নিজস্ব প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটবে বলে মনে করে টিআইবি।
কালো টাকাকে বৈধতা প্রদান অব্যাহত রাখা দুর্নীতি সহায়ক মহল কর্তৃক সরকারের নীতি কাঠামোর ওপর অযাচিত প্রভাব বিস্তারের বিব্রতকর দৃষ্টান্ত হিসেবে দেখছেন ড. ইফতেখারুজ্জামান। তাই কালো টাকা বৈধতা দেওয়ার সুযোগ চিরতরে বন্ধ করার সুস্পষ্ট ঘোষণা প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।