News71.com
 Bangladesh
 04 Apr 17, 01:56 PM
 194           
 0
 04 Apr 17, 01:56 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনসংখ্যা উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ।। জাতিসংঘে স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনসংখ্যা উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ।। জাতিসংঘে স্বাস্থ্যপ্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘কমিশন অন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট’-এর ৫০তম সেশনে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন,জনগণের ক্ষমতায়নকে জাতীয় উন্নয়ন এজেন্ডার কেন্দ্রবিন্দুতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনসংখ্যা উন্নয়নে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

জনসংখ্যা বিষয়ক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সফল বাস্তবায়নে প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন,ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ পপুলেশন এন্ড ডেভলপমেন্ট (আইসিপিডি) এর বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে শিল্পোন্নত দেশে পরিণত হওয়ার প্রত্যাশা করে।

তিনি উল্লেখ করেন,বিগত বছরগুলোতে আমরা ধারাবাহিকভাবে ৬ ভাগের উপর অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখেছি আর বর্তমানে এ প্রবৃদ্ধি ৭ শতাংশ। এছাড়া আমরা দারিদ্র্যের হার ২১ শতাংশের নীচে আনতে পেরেছি। উল্লেখ্য, ৩ থেকে ৭ এপ্রিল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরে ‘কমিশন অন পপুলেশন এন্ড ডেভলপমেন্ট’ এর চলতি সেশনে বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিত্ব করছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

প্রতিমন্ত্রী তার বক্তৃতায় নারীর ক্ষমতায়ন, লিঙ্গসমতা, নারী শিক্ষা, যুব উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা ও বয়স্কদের কল্যাণ এবং মেয়েদের বাল্য বিবাহ ও অপুষ্টি রোধে বর্তমান সরকার যে সকল উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়ন করেছে তা তুলে ধরেন। সরকার শিক্ষাখাতে জাতীয় বাজেটের সর্বোচ্চ ১৭% বরাদ্দ ও মাধ্যমিক পর্যায় পর্যন্ত সকলের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত এবং প্রাথমিক পর্যায়ে শতভাগ ভর্তি নিশ্চিত করেছে মর্মেও তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘প্রায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে বাংলাদেশ সরকার বিনামূল্যে ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে। ডায়ারিয়া, কলেরা, এইডস্ ও যক্ষাসহ সকল সংক্রামক রোগ নিয়ন্ত্রণে রয়েছে। শিশু মৃত্যুহার ১৩২ থেকে ৪৩ এ নেমে এসেছে। সাম্প্রতিক বছরগুলোতে গড় আয়ু ৭০ বছরের উপরে উন্নীত হয়েছে।

জাতীয় অর্থনীতিতে প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশীর অবদানের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ সবসময়ই অভিবাসীদের অবদানের কথা স্বীকার করে এবং অভিবাসীদের বিষয়গুলোকে অধিকতর গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিগমনের সমর্থনে ভূমিকা রাখছে।

এর আগে গতকাল সোমবার সকালে এলডিসি গ্রুপের চেয়ারম্যান হিসেবে জাতিসংঘ সদর দপ্তরে সিপিডি’র সেশনে প্রতিমন্ত্রী বক্তব্য রাখেন। এ সময় তিনি আইসিপিডি’র বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে এলডিসি’র দেশগুলোর প্রচেষ্টাকে আরও এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন