
নিউজ ডেস্ক : চট্টগ্রামের উন্নয়ন বাধাগ্রস্ত করে তাকে আনপপুলার (অজনপ্রিয়) করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, ‘আমাকে ব্যর্থ করতে একটি মহল পুরো চট্টগ্রাম শহরকে ক্ষতিগ্রস্ত করছে।’ সোমবার (৩ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ভবনে চসিকের শিক্ষা নীতিমালা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আ জ ম নাছির উদ্দিন এ মন্তব্য করেন।
মেয়র বলেন, ‘আমি মেয়রের চেয়ারে আছি নির্দিষ্ট মেয়াদের জন্য। মেয়াদ শেষ, আমিও শেষ। আবার নির্বাচন হবে। এরপর দল যাকে মনোনয়ন দেবে তিনি নির্বাচন করবেন। কিন্তু আমি যত দিন আছি, আমাকে কাজ করার সুযোগ দিতে হবে।’ তিনি বলেন, ‘১৭ শতাংশ কর নিয়ে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা হচ্ছে। ইনটেনশনালি করা হচ্ছে। রাজস্ব আয় না হলে বেতন দিতে পারব না।’
মেয়র বলেন, দায়িত্ব গ্রহণের পর দেখা যায় সিটি কর্পোরেশনের সামগ্রিক ব্যবস্থাপনায় কিছুটা বিশৃংখলা ছিল, বিশেষ করে চসিক শিক্ষা বিভাগের অধীনে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে শিক্ষক-কর্মচারীদের মধ্যে বেতন বৈষম্য, টাইম স্কেল সমস্যা, পদোন্নতি, স্থায়ীকরণসহ নানা ক্ষেত্রে জটিলতা দেখা যায়। এ থেকে পরিত্রাণের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে নির্দ্দিষ্ট বিধানের মধ্যে আনার লক্ষ্যে এ শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এ নীতিমালা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, শিক্ষা নীতিমালা প্রণয়ন কমিটির আহ্বায়ক সুমন বড়ুয়া, সদস্য সচিব মিসেস নাজিয়া শিরিন, সদস্য কাজী নাজিমুল ইসলাম, কাউন্সিলর নাজমুল হক ডিউক, মো. জাহাঙ্গীর, এস মোস্তফা আলম সরকারসহ শিক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মেয়রসহ শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্যরা।