
নিউজ ডেস্কঃ খুলনায় দ্রুতগামী জিপ, মাহেন্দ্র ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৩জন নিহত ও ৪জন আহত হয়েছেন। আজ সোমবার বিকাল ৪টার দিকে নগরীর খুলনা-যশোর রোডের বৈকালী এলাকার আবু নাসের স্টেডিয়ামের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত ৪জনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকাল ৪টার দিকে খুলনা-যশোর মহাসড়কের বৈকালী এলাকার আবু নাসের স্টেডিয়ামের সামনে নগরীর দৌলতপুরগামী একটি মাহেন্দ্রের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি জিপের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এ সময় মাহেন্দ্রটি চলন্ত আরেকটি মোটরসাইকেলের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তি ও মোটরসাইকেলচালক পিনু মল্লিক (৪৫) নিহত হন। এ সময় গুরুতর আহত অপর ৫জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আক্তার হোসেন (৪৫) নামে অপর আরেকজন মারা যান। আক্তার হোসেন আর্মড পুলিশের সাবেক সদস্য ও পিনু মল্লিক নগরীর মুজগুন্নির বাসিন্দা। নগরীর খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলি বলেন, হাসপাতালে ভর্তি আহত ৪জনের অবস্থাও আশঙ্কাজনক।