
নিউজ ডেস্ক : খুলনার শিশু রাকিব হত্যা মামলার আপিলের রায় আগামীকাল মঙ্গলবার (৪ এপ্রিল) ঘোষণা করবেন হাইকোর্ট। গত ২৯ মার্চ ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হলে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের ডিভিশন বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক এ তথ্য জানান। তিনি সাংবাদিকদের বলেন, ‘এ রকম জঘন্য হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিচারিক আদালতের দেওয়া ফাঁসির রায় যেন বহাল থাকে, শুনানিতে সেই আবেদন জানানো হয়েছে।’
হাইকোর্টে ডেথরেফারেন্স পৌঁছানোর পর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার পেপারবুক প্রস্তুতের জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন। এরপরই পেপারবুক প্রস্তুত করার পর হাইকোর্টের এই বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স শুনানির জন্য পাঠানো হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ আগস্ট শিশু রাকিবকে হত্যা করা হয়। আলোড়ন সৃষ্টিকারী নির্মম এই হত্যাকান্ডের ঘটনায় দ্রুত চার্জশিট দাখিল করে পুলিশ। হত্যাকান্ডের চারমাসের মধ্যেই খুলনার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা এইমামলার রায় দেন। রায়ে আসামি শরীফসহ দুই জনকে মৃত্যুদন্ডের আদেশ দেন আদালত। এছাড়া অন্য আসামি শরীফের মা বিউটি বেগমকে খালাস দেওয়া হয়। এরপর মৃত্যুদন্ডপ্রাপ্তরা ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। পাশাপাশি মৃত্যুদন্ডের রায় অনুমোদনের জন্য হাইকোর্টে মামলাটি ডেথ রেফারেন্স আকারে পাঠানো হয়।