
নিউজ ডেস্ক : দিনাজপুর-পঞ্চগড় রুটে একটি ডেম্যু ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় কাঞ্চন রেলওয়ে স্টেশন মাস্টার ইদ্রিস আলী খান ও পয়েন্টম্যান খাদেমুল ইসলামকে কর্তব্যে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) দুপুরে দিনাজপুর রেল স্টেশনের সুপার গোলাম মোস্তফা জানান, গতকাল রবিবার সন্ধ্যা ৭ টায় কাঞ্চন রেলওয়ে স্টেশনের সামনে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ডেম্যু ট্রেনটির ১ টি বগি লাইনচ্যুত হয়। কাঞ্চন স্টেশনে পয়েন্ট ত্রুটির কারণে রেলের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে দিনাজপুর-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আজ সোমবার ভোরে পার্বতীপুর থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগিটি উদ্ধার করে। ১৫ ঘন্টা পর আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের ডিভিশনাল ট্রাফিক সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ-আল-মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, দায়িত্বে অবহেলার কারণেই ২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।