News71.com
 Bangladesh
 03 Apr 17, 06:03 PM
 211           
 0
 03 Apr 17, 06:03 PM

সূর্যমুখী তেলের চালানে কোকেন উদ্ধারের মামলায় ১০ জনকে আসামি করে র‌্যাবের সম্পুরক চার্জশীট

সূর্যমুখী তেলের চালানে কোকেন উদ্ধারের মামলায় ১০ জনকে আসামি করে র‌্যাবের সম্পুরক চার্জশীট

 

নিউজ ডেস্ক : চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালানে কোকেন উদ্ধারের ঘটনায় করা চোরাচালানের মামলায় ব্যবসায়ী নুর মোহাম্মদসহ ১০ জনকে আসামি করে সম্পুরক অভিযোগপত্র জমা দিয়েছে র‌্যাব। আজ সোমবার (৩ এপ্রিল) নগর পুলিশের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দেন র‌্যাবের এএসপি মহিউদ্দিন ফারুকী।

চোরাচালান আইনের এ মামলায় এর আগে নগর গোয়েন্দা পুলিশ আদালতে একটি অভিযোগপত্র জমা দিলেও তাতে মামলার এজহারভুক্ত আসামি নুর মোহাম্মদের নাম বাদ পড়েছিল। তখন নগর গোয়েন্দা পুলিশের এডিসি কামরুজ্জামানের দাখিল করা অভিযোগপত্রটি প্রত্যাখান করে অধিকতর তদন্তের জন্য র‌্যাবকে নির্দেশ দিয়েছিলেন আদালত।

সম্পুরক অভিযোগপত্রে ১০ জনকে আসামি করা হয়েছে। এরা হলেন- গোলাম মোস্তফা সোহেল, নুর মোহাম্মদ, মোস্তফা কামাল, মেহেদী আলম, আতিকুর রহমান, এ কে এম আমাজদ, সাইদুল ইসলাম, মোস্তাক আহমেদ খান, ফজলুর রহমান ও বকুল মিয়া। এদের মধ্যে প্রথম সাতজন কারাগারে থাকলেও বাকি তিনজন পলাতক রয়েছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, কোকেন মামলার সম্পুরক অভিযোগপত্রটি মহানগর হাকিম হারুন-উর-রশিদের আদালতে দাখিল করা হয়েছে। পরবর্তী আদেশের জন্য অপেক্ষমাণ থাকার নিদের্শ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, ২০১৫ সালের ৭ জুন কোকেন সন্দেহে একটি কনটেইনার বন্দরে সিলগালা করা হয়। ৮ জুন এটি খুলে ১শ’ ৭ টি ড্রামের প্রতিটিতে ১শ’ ৮৫ কেজি করে সূর্যমুখী তেল পাওয়া যায়। পরে ২৭ জুন এর মধ্যে ৯৬ নম্বর ড্রামে তেলের চালানের একটি নমুনায় তরল কোকেন শনাক্ত করা হয়। দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া থেকে সূর্যমুখী তেলের ঘোষণা দিয়ে চট্টগ্রামের খান জাহান আলী লিমিটেডের নামে কনটেইনারটি আমদানি করা হয়।

এরপর ঢাকা থেকে গার্মেন্টস পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান খান, মোস্তফা কামাল এবং শিপিং এজেন্ট প্রতিষ্ঠান কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদকে গ্রেফতার করা হয়। আগে থেকে গ্রেফতার ছিলেন আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের কর্মচারী গোলাম মোস্তফা সোহেল। ১২ জুলাই চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয় মেহেদী আলম নামের এক আইটি বিশেষজ্ঞকে।

এর আগে ২৮ জুন চট্টগ্রাম নগরীর বন্দর থানায় এসআই ওসমান গণি বাদি হয়ে আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও কর্মচারী গোলাম মোস্তফা সোহেলকে আসামি করে একটি মামলা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন