News71.com
 Bangladesh
 03 Apr 17, 11:28 AM
 226           
 0
 03 Apr 17, 11:28 AM

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি বাধ্যতামূলক.....

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি বাধ্যতামূলক.....

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে তাতে সরকারি কর্মকর্তাদের উপস্থিতি আবশ্যিক করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে নির্দেশনা দিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি) মো. আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত এক পরিপত্রে উল্লেখ করা হয়, জাতীয় পর্যায়ে আয়োজিত অনুষ্ঠানসমূহ বিশেষত যেসব অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উপস্থিত থাকেন, সেসব অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত আমন্ত্রিত সব সরকারি কর্মকর্তার উপস্থিতি আবশ্যিক।

পরিপত্রে বলা হয়েছে ঢাকায় অবস্থানরত কোনো আমন্ত্রিত কর্মকর্তা অসুস্থতা কিংবা অন্য কোনো জরুরি সরকারি কাজে ব্যস্ত থাকার কারণে উপর্যুক্ত অনুষ্ঠানসমূহে উপস্থিত থাকতে অপারগ হলে পূর্বেই মন্ত্রিপরষদ বিভাগের অনুমতি গ্রহণ বাধ্যতামূলক। জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানসমূহের কার্যকর ব্যবস্থাপনা ও আসন বিন্যাসের সুবিধার্থে অনুষ্ঠানের ন্যূনতম একদিন আগেই আমন্ত্রিত সরকারি সব কর্মকর্তাদের উপস্থিতি/অনুপস্থিতির বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগকে আবশ্যিকভাবে জানানোর নির্দেশনাও রয়েছে ওই পরিপত্রে। এদিকে সিদ্ধান্তটির বাস্তবায়নে সব প্রতিষ্ঠানকে সক্রিয় সহযোগিতা করার কথাও বলা হয়েছে নির্দেশনায়। উল্লেখ্য, ইতোমধ্যে ওই পরিপত্রটি সরকারের সব দফতরে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন