News71.com
 Bangladesh
 03 Apr 17, 11:13 AM
 222           
 0
 03 Apr 17, 11:13 AM

খুলনার ফুলতলায় অস্ত্রসহ তিন চরমপন্থি আটক

খুলনার ফুলতলায় অস্ত্রসহ তিন চরমপন্থি আটক

নিউজ ডেস্ক : খুলনার ফুলতলা উপজেলা থেকে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হাফিজ চৌধুরীকে তার দুই সঙ্গীসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার (২ এপ্রিল) দিবাগত গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। আটককৃত অন্য দু’জন হলো- জাহেরুল ইসলাম খান এবং হোসেন কবির রাসেল। তাদের উভয়ের বাড়িও একই উপজেলায়। পুলিশ এ সময় দু’টি বিদেশে তৈরি বন্দুক, একটি শাটার গান, দুইটি কার্তুজ এবং আটটি হাতে তৈরি গ্রেনেড উদ্ধার করে।

এ ব্যাপারে খুলনা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শিকদার আক্কাস আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ২ টার সময় গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল ফুলতলা উপজেলার দামোদর এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে ৯ থেকে ১০ টি বোমা নিক্ষেপ করে। পরে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুক যুদ্ধ শুরু হয় এবং তা প্রায় দেড় ঘন্টা ধরে চলে। এক পর্যায়ে পুলিশ অস্ত্র ও দুই সহযোগীসহ হাফিজকে আটক করে। খুলনা পুলিশের তালিকাভুক্ত আসামি হাফিজ এসময় গুলিবিদ্ধ হয়। হত্যা মামলাসহ বিভিন্ন মামলার আসামি হাফিজ বিভিন্ন সময় পলাতক ছিল। এ ঘটনায় ফুলতলা থানায় দু’টি মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন