
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় দেশবিরোধী কোন চুক্তি হলে তা মেনে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিল বিএনপি । পাল্টা সেই চুক্তিকে প্রতিহত করতে কঠোর আন্দোলনে নামবে বিএনপি। দলটি আরও মনে করে বর্তমানে ঢাকায় চলমান আইপিইউ সম্মেলন নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়। গতকাল রবিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠকে এসব অভিমত জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এমন কয়েকজন নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক নেতা জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও কূটনৈতিক বিষয়াদি নিয়ে চেয়ারপারসন কথা বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত যাচ্ছেন। এ সফরের দিকে বিএনপির তীক্ষ্ন নজর থাকবে। দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হলে বিএনপি আন্দোলনে নামবে। দরকার পড়লে কঠোর কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ওই নেতা আরও জানান, গতরাতের বৈঠকে উপস্থিত নেতারা আইপিইউ সম্মেলন নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় বলে মত দেন। তাদের প্রশ্ন,যেখানে বাংলাদেশের সংসদ ও সরকার অবৈধ, সেখানে সেই অবৈধ সংসদের সদস্য সাবের হোসেনের সভাপতিত্বে কিভাবে এমন একটি আন্তর্জাতিক সম্মেলন হয় ? তাই স্বাভাবিকভাবেই এ সম্মেলনকে বিএনপি সমর্থন করছে না।
ছাত্রদলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক নূরুল আলম নূরুকে ‘ক্রসফায়ারে’ হত্যার বিচার দাবি করে সারা দেশে এক দিনের বিক্ষোভ কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। ঢাকা মহানগর বিএনপির কমিটি যেকোনো সময় ঘোষণার অনুমতিও বৈঠকে চাওয়া হয়। নেতারা কমিটি দ্রুত ঘোষণার পক্ষে মত দেন। এছাডাও তৃণমূল পর্যায়ের কমিটি পুনর্গঠনের বিষয়েও আলোচনা হয়। মহাসচিব এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানালে তৃণমূল কমিটিগুলোর দ্রুত পুনর্গঠনের তাগিদ দেওয়া হয়। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও বৈঠকে নেতারা বলেন। ওই নেতা জানান, খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাসহ চলমান সব মামলার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এ বিষয়ে আজ সোমবার দুপুর ১টায় নয়াপল্টনের কার্যালয়ে বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হবে।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে রাত পৌনে ১০টায় বৈঠক শুরু হয়, চলে প্রায় দেড় ঘণ্টা। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালে চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সাংবাদিকদের জানান, বৈঠকের বিষয়ে আজ দুপুর ১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।