News71.com
 Bangladesh
 02 Apr 17, 11:08 PM
 220           
 0
 02 Apr 17, 11:08 PM

ক্ষমতা দীর্ঘায়িত করার পন্থায় আওয়ামীলীগ সরকার ।। মির্জা ফখরুল

ক্ষমতা দীর্ঘায়িত করার পন্থায় আওয়ামীলীগ সরকার ।। মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে বিরোধী দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের মাধ্যমে ভীতিকর পরিবেশ তৈরির পন্থা অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ রবিবার (২ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার তাদের ভয়াবহ দুঃশাসনের কারণে বেগতিক হয়ে এখন চারদিকে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। দেশের সাধারণ মানুষসহ বিরোধী নেতা-কর্মীদের জিম্মি করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার পন্থা বেছে নিয়েছে।’

‘দেশের সার্বিক পরিস্থিতি অবলোকন করলে বোঝা যায় যে, এ ধরণের অবনতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে অন্তহীনভাবে বিরোধী নেতা-কর্মীদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে সরকার’, বলেন তিনি। খুলনা মহানগর বিএনপি নেতা শাহরুজ্জামান মোর্তুজার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।একই বিবৃতিতে চট্টগ্রামের ছাত্রদল নেতা মহসিন খোকন, মো. শাকিল, গাজী মনির, মনসুর আলম, সিরাজুল ইসলাম, আবদুর রহিম, আরিফুল ইসলাম আরিফকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে বানোয়াট মামলা দায়ের এবং গ্রেপ্তার করে সারা দেশের কারাগারগুলো ভরে ফেলছে। সরকারের বেপরোয়া নিয়ম-নীতিতে এটি পরিষ্কার যে, বিরোধী নেতা-কর্মীদের স্থান কেবলমাত্র কারাগার, অন্য কোথাও নয়।’

তিনি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জামিন বাতিল করে শাহরুজ্জামান মোর্তুজাকে কারাগারে প্রেরণ এবং ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের ঘটনা আওয়ামী দুঃশাসনেরই ধারাবাহিকতা।’ বিএনপি মহাসচিব অবিলম্বে শাহরুজ্জামান মোর্তুজা এবং ছাত্রদল নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের মুক্তির জোর দাবি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন