
নিউজ ডেস্ক : ইঞ্জিন বিকল হয়ে ‘এমভি কৃষ্ণচূড়া’ নামে কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।রবিবার (২ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। এসময় জাহাজের ৯ নাবিককে উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃতরা হলেন- এম ইকবাল মোল্লা (৩৪), এম রানা মোল্লা (২৪), এম রাসেল মোল্লা (২৮), এম জুলফিকার আলী (৩৫), এম নাজির শেখ (১৮), এম জামাল শেখ (২৫), লালচান শেখ (২৩), এম এরশাদ মিয়া (৩৬), এম বাহার উদ্দিন(২৪)।
জানা গেছে, ৬০০ টন কয়লা নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে ১ নম্বর বয়া থেকে ৩ মাইল উত্তর পশ্চিমে নোঙ্গর করেছিল এম ভি কৃষ্ণচূড়া। সমুদ্রের প্রচন্ড বাতাসে ইঞ্জিন রুমে পানি ঢুকে যায়। এতে জাহাজের ইঞ্জিন বিকল হয়ে ডুবতে থাকে। পরে কোস্ট গার্ডের একটি টহল জাহাজ নাবিকদের উদ্ধার করে। কোস্ট গার্ড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারের পর ৯ নাবিককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।