
নিউজ ডেস্ক : ক্ষমতার অপব্যবহার করে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগের দায়ের করা এক দুর্নীতি মামলায় বাংলাদেশ পাটকল করপোরেশনের মহাব্যবস্থাপক মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। আজ রবিবার (২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন দুদকের সহকারি পরিচালক মো. শফিউল্লাহ।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘জাহাঙ্গীর হোসেন খুলনা খালিশপুরের প্লাটিনাম জুবিলি জুট মিলের উপ-ব্যবস্থাপক থাকাকালীন ২০১২ সালের ৩ মে থেকে ২০১৪ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত মিলের ওয়েস্টেজ রোল স্তুপাকারে জমা করে। ওই ওয়েস্টেজ রোলের ওজন ইচ্ছা করে প্রকৃত ওজনের চেয়ে বেশি দেখিয়ে মোট এক হাজার ১১৬ দশমিক ৯১ মেট্রিক টন প্রসেসর (পাট ও পাটজাত দ্রব্য) আত্মসাৎ করে। যার বাজার মূল্য ৭ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ২৭৭ টাকা। ২০১৬ সালের ৯ ডিসেম্বর খালিশপুর থানায় অর্থ আত্মসাতের অভিযোগে জাহাঙ্গীর হোসেনসহ অন্যদের বিরুদ্ধে মামলা করে দুদক। সেই মামলায় তাকে আজ গ্রেফতার করা হয়েছে।