News71.com
 Bangladesh
 02 Apr 17, 03:10 PM
 254           
 0
 02 Apr 17, 03:10 PM

বাংলাদেশ ব্যাংকে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন আজ

বাংলাদেশ ব্যাংকে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদন আজ

 

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকে আগুনের ঘটনায় গঠিত ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রতিবেদন আজ রবিবার (২ এপ্রিল) যেকোনো সময়ে সংস্থাটির মহাপরিচালকের কাছে জমা দেওয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য জানিয়ে বলেন, ‘এরই মধ্যে ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন বৃহস্পতিবার চূড়ান্ত করেছে বলে আন-অফিসিয়ালি জানিয়েছে। কর্মদিবসেই (রোববার) প্রতিবেদনটি তদন্ত কমিটির প্রধান ফায়ার সার্ভিসের মহাপরিচালকের কাছে জমা দেবে। তারপর মহাপরিচালক বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এটি হস্তান্তর করবেন।’

কেন্দ্রীয় ব্যাংকে আগুনের ঘটনায় গঠিত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক সমরেন্দ্র নাথ বিশ্বাসের কাছে জানতে চাইলে সুর্নির্দিষ্ট কিছু জানাতে রাজি হননি। তবে তিনি বলেছেন, ‘যেহেতু তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে, সেহেতু এটি জমা দেওয়া আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আর আমরা দায়িত্ব পালনের প্রতি জোর দিচ্ছি।’ প্রসঙ্গত, গত ২৩ মার্চ একই বিভাগে আগুনের ঘটনা ঘটে। এতে বিভাগটির মহাব্যবস্থাপক ও তার পিএসের কক্ষ পুড়ে গেছে। এ ছাড়া এক ডিজিএমের কক্ষের আংশিক পুড়ে গেছে। সব মিলে ওই বিভাগের প্রায় ১৫ শতাংশ পুড়ে যায়।

আগুনের ঘটনার দিনই বাংলাদেশ ব্যাংক তিন সদস্য বিশিষ্ট ও ফায়ার সার্ভিস পাঁচ সদস্য বিশিষ্ট দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করে। বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটি ২৮ মার্চ তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এতে ধারণা করা হয়েছে, প্রায় ৮০ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে গুরুত্বপূর্ণ কোনো নথি নষ্ট হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে ফায়ার সার্ভিসের কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রস্তুত করতে বলা হয়। আগুনের কারণ অনুসন্ধানে তারা এরই মধ্যে কয়েক দফা বাংলাদেশ ব্যাংক পরিদর্শন করে বিভিন্ন ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের আগুনের বিষয়ে কয়েক দফা জিজ্ঞাসাবাদও করা হয়েছে।এখন ফায়ার সার্ভিসের তদন্ত প্রতিবেদনে নতুন কিছু বেরিয়ে আসে কি না, তা দেখার অপেক্ষা করছেন সংশ্লিষ্টরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন