
নিউজ ডেস্ক : উচ্চ আদালতের নির্দেশনার পর মেয়রের দায়িত্ব নিতে এবার মন্ত্রণালয়ের চিঠি হাতে পেয়েছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। আজ রবিবার (২ এপ্রিল) সকাল থেকেই তিনি সিলেট সিটি করপোরেশনে মেয়রের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে। মন্ত্রণালয়ের চিঠি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
ফের দায়িত্ব নিয়ে তিনি নগরবাসীর খেদমত করতে এবং অপূর্ণ কাজগুলো সমাধান করতে সবার সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, গত ২৩ মার্চ সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
সেসময় আরিফের আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি জানিয়েছিলেন, সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে করা রাষ্ট্রপক্ষের আবেদন শুনে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ গত ২৩ মার্চ ‘নো অর্ডার’ দিয়েছেন। এর মাধ্যমেই মেয়র হিসেবে আরিফুল হকের দায়িত্ব পালনে আইনগত কোনো প্রতিবন্ধকতা নেই।