News71.com
 Bangladesh
 01 Apr 17, 11:29 PM
 243           
 0
 01 Apr 17, 11:29 PM

চবি’র স্থাপনা থেকে ‘খালেদা জিয়া ও ইউনূসের’ নাম মুছে দিতে ছাত্রলীগের সাত দিনের আল্টিমেটাম

চবি’র স্থাপনা থেকে ‘খালেদা জিয়া ও ইউনূসের’ নাম মুছে দিতে ছাত্রলীগের সাত দিনের আল্টিমেটাম

নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘বেগম খালেদা জিয়া হল’ও ‘ড. মুহাম্মদ ইউনূস ভবন’ নামে দুটি স্থাপনা থেকে তাদের নাম মুছে দিতে প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ শনিবার ( ১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন কর্মসূচীতে তারা এ দাবি জানান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন বলেন, বিএনপি-জামায়াত জোটের পৃষ্ঠপোষকতায় সারাদেশে জঙ্গিরা সংগঠিত হচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে পাওয়া লাল সবুজের পতাকাকে নিরহ মানুষের রক্তে রঞ্জিত করছে। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামায়াত জোটের নেত্রী খালেদা জিয়ার নামে কোন স্থাপনা থাকতে পারে না।

ড. মুহাম্মদ ইউনূসের নামে করা ভবনের নাম পরিবর্তনের দাবি জানিয়ে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস বিদেশে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তিনি দেশে চলমান উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করতে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংককে ভুল বুঝিয়েছেন। তাঁর কারনেই বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থ দেয়নি। তাই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ইউনূচের নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোন স্থাপনা রাখতে দেওয়া হবে না।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন চবি ছাত্রলীগের সহ-সভাপতি নুর জামান, কাউসার ফেরদৌস ফুয়াদ, আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর জীবন, মিনহাজুল ইসলাম এবং দপ্তর সম্পাদক রায়হান মাহমুদ শুভ। এসময় আরো উপস্থিত ছিলেন, চবি ছাত্রলীগের সহ সভাপতি নাসির উদ্দীন সুমন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুখ, মোহাম্মদ ইলিয়াস, অর্থ সম্পাদক জাহেদুল আওয়াল, ক্রীড়া সম্পাদক মাহফুজুর রহমান, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মনসুর আলী, উপ সাংস্কৃতিক সম্পাদক আরফাত চৌধুরী, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন টিপু, উপ দপ্তর সম্পাদক হিমেল ইরতিজা হোসেন প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন