
নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের প্লানেট ৫০-৫০ বাস্তবায়ন প্রতিশ্রুতির অংশ হিসাবে জেন্ডার সমতার জন্য বাংলাদেশ ব্যাপক প্রচারণা চালাচ্ছে। আজ শনিবার (১ এপ্রিল) অনুষ্ঠিত ১৩৬ তম ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনের নারী পার্লামেন্টারিয়ান ফোরামের ২৫ তম অধিবেশনের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
স্পিকার শারমিন বলেন, নারীরা সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করায় লিঙ্গ সমতায় আমরা অনেক এগিয়েছি। তৃণমূল পযার্য়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছে দিতে পল্লী এলাকায় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে নারীদের জন্য বিভিন্ন কর্মসূচী পরিচালনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নিদের্শনায় সরকার ৫০-৫০ প্লানেট বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, তালাকপ্রাপ্ত ভাতা, বয়স্ক ভাতা অতি দরিদ্র মহিলাদের জন্য বিশেষ খাদ্য কর্মসূচীসহ নারীদের জন্য বিভিন্ন ধরনের ভাতা চালু করেছে। নারীরকে এখনো বেতন বৈষম্য, সহিংসতার মতো বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলেও তারা সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করে যাচ্ছে। ফলে নারীরা উন্নয়ন কর্মকান্ডে অবদান রাখছে। অনুষ্ঠানে আইপিইউ’র মহাসচিব মার্টিন চুংগংও বক্তব্য রাখেন। ডা. দীপু মনি এমপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সেশনে ২০৭ জনের বেশি নারী প্রতিনিধি যোগ দেন। তারা লিঙ্গ বৈষম্য দূর করে আর্থিক সেবা বৃদ্ধির আহবান জানান।