News71.com
 Bangladesh
 01 Apr 17, 07:04 PM
 221           
 0
 01 Apr 17, 07:04 PM

ঝিনাইদহে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে দেড় শতাধিক কোমলমতি শিক্ষার্থী হাসপাতালে ।। জনমনে আতঙ্ক.....

ঝিনাইদহে কৃমিনাশক ট্যাবলেট খেয়ে দেড় শতাধিক কোমলমতি শিক্ষার্থী হাসপাতালে ।। জনমনে আতঙ্ক.....

 

নিউজ ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কৃমিনাশক ট্যাবলেট খেয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ শনিবার (১ এপ্রিল) সকালে ওষুধ খাওয়ার পর থেকে এ অবস্থা শুরু হয়। শিক্ষক ও স্বজনরা জানান, জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে শনিবার সকালে শৈলকুপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। এরপর প্রথমে অচিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাথা ঘুরতে শুরু করে এবং তারা বমি করতে করতে দুর্বল হয়ে পড়ে।

পর্যায়ক্রমে দেবতলা, কবিরপুর, হিতামপুর, হাকিমপুর, পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ঝাউদিয়া, কাতলাগাড়ি, ষষ্টিবরসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা একে একে অসুস্থ হয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে পরে তাদের ভ্যান, নসিমন ও ফায়ার সার্ভিসের গাড়িতে করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শৈলকুপায় কৃমিনাশক খেয়ে দেড় শতাধিক শিক্ষার্থী হাসপাতালে। অবস্থা সামাল দিতে ঝিনাইদহের সিভিল সার্জনের পক্ষ থেকে একটি বিশেষ চিকিৎসক টিম শৈলকুপা হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

খবর পেয়ে ঝিনাইদহ-১ আসনের সংদস সদস্য আব্দুল হাই, উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উসমান গণি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা ও পুলিশ কর্মকর্তারা তাদের দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জান্নাতুল মাওয়া জানান, এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গরমের কারণে সাময়িক এ প্রতিক্রিয়া হচ্ছে। বাচ্চারা দ্রুত সুস্থ হয়ে উঠবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন