
নিউজ ডেস্ক : আগামী রবিবার (২ এপ্রিল) থেকে শুরু হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার পুলিশ ফোর্স (এমপিএফ) এর অতিরিক্ত মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন। ৬ এপ্রিল পর্যন্ত চলা এবারের সীমান্ত সম্মেলনের মূল উদ্দেশ্য, দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বৃদ্ধির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা।
সীমান্ত সম্মেলনে বিজিবি’র পক্ষ থেকে বেশ কিছু বিষয় এজেন্ডা হিসেবে রাখা হয়েছে। এগুলো হলো- অবৈধ অনুপ্রবেশ, মাদক ও নেশাজাতীয় দ্রব্য বিশেষ করে ইয়াবা পাচার রোধ, উৎপাদনের উৎস ও নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) কর্তৃক বাংলাদেশি জেলেদের আটক রোধ, বিওপি, কোম্পানি, ব্যাটালিয়ন, সেক্টর পর্যায়ে নিয়মিত পতাকা বৈঠক ও সমন্বিত টহলের আয়োজন, উভয় বাহিনীর মধ্যে খেলাধুলার আয়োজন ও প্রশিক্ষণ বিনিময় সহ আস্থা বাড়ানোর বিভিন্ন পদক্ষেপ।
অন্যদিকে, মিয়ানমার প্রতিনিধি দলের পক্ষ থেকে যেসব এজেন্ডা রয়েছে সেগুলো হলো- সীমান্ত অপরাধ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম প্রতিরোধ, আটককৃত বাংলাদেশি নাগরিক বিশেষ করে জেলে ও মাছ ধরা নৌকা সম্পর্কিত তথ্য বিনিময়, মাদক পাচার প্রতিরোধ ইত্যাদি।
বিজিবি’র সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো শোয়ে উইনের নেতৃত্বে ৬ সদস্যের মিয়ানমার প্রতিনিধি দল আগামীকাল শনিবার (১ এপ্রিল) ঢাকায় আসবে। ২ এপ্রিল সকাল সাড়ে ৯ টায় পিলখানার বিজিবি সদর দফতরের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক সম্মেলন শুরু হবে।
অন্যদিকে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক মো. আনিছুর রহমানের নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করবে। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সার্ভে অব বাংলাদেশ, বাংলাদেশ কোস্টগার্ড এবং মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
আলোচনা শেষে যৌথ দলিল স্বাক্ষরের আগে মিয়ানমার প্রতিনিধি দল বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবে। আগামী ৬ এপ্রিল সম্মেলনের যৌথ দলিল স্বাক্ষরিত হবে। সেই রাতেই মিয়ানমার প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করবে।