
নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে সরকারের ‘দুঃশাসনের বিরুদ্ধে’জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জোর করে ব্যালটে সিল, কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেওয়ার অনিয়ম না হলে বিএনপি প্রার্থী দেড় লক্ষাধিক ভোটে বিজয়ী হতেন। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নির্বাচন শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের আন্তরিকতার যথেষ্ট ঘাটতি ছিল দাবি করে রিজভী বলেন, ‘বর্তমান সিইসি যতই সুষ্ঠু নির্বাচনের কথা বলুন না কেন তিনি কুমিল্লা সিটি করপোরেশনে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছেন।’ তিনি অভিযোগ করেন, ‘ভোট শুরুর দুদিন আগ থেকে নির্বাচনী এলাকায় সরকার সমর্থকরা ও পুলিশ বিএনপির নেতা-কর্মী ও ভোটারদের বিভিন্নভাবে হয়রানি করেছে। নির্বাচনের আগের দিন রাতে বিএনপির নেতাকর্মীদের বাসায় বাসায় পোশাকধারী ও সাদা পোশাকে পুলিশ তল্লাশির নামে ব্যাপক তান্ডব চালিয়েছে। নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।’
বিএনপি নেতা-কর্মীদের ধানের শীষের এজেন্ট না হতে চাপ প্রযোগ করা হয় অভিযোগ করে দলটির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘তাদের মামলা-হামলা ও নির্যাতনের ভয় দেখানো হয়। ভোটের দিন সকাল থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে ধানের শীষের এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়। এমনকি কোনো কোনো কেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের মারধর করে বের করে দেওয়া হয়।’
নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে প্রধান নির্বাচন কমিশন এবং আওয়ামী লীগের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ককটেল বোমা ফাটিয়ে ভোটকেন্দ্রে ত্রাসের রাজত্ব কায়েম, কেন্দ্র দখল করে ব্যাপক জাল ভোট দেওয়া, ব্যালট ছিনতাই করা, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারের অসহায়ত্বই হলো আওয়ামী লীগের অধীনে নির্বাচনের নমুনা।’