
নিউজ ডেস্ক : ব্যাংকের ঋণ কিছু করপোরেট মানুষের হাতে রয়ে গেছে উল্লেখ করে জনতা ব্যাংকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান বলেছেন, এর ফলে সম্পদের বৈষম্য বাড়ছে। এই বৈষম্য নিরসনে আমরা চাই ব্যাংকের ঋণ আরও নতুন নতুন গ্রাহকের কাছে পৌঁছে যাক। এতে করে সমাজের ভারসাম্য রক্ষা হবে এবং পশ্চাৎপদ জনগোষ্ঠী উঠে আসবে।
তিনি বলেন, শ্রেণিকৃত খেলাপি ঋণ আমাদের গলার কাঁটা। এক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল ও বাণিজ্যিক ঋণ বিনিয়োগ বৃদ্ধিতে সহায়তা করে। তজ্জন্য এ খাতে সুদের হার কমিয়ে দিয়ে বিনিয়োগকারীদের সহায়তা করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুক্রবার (৩১ মার্চ) সকালে হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত সম্মেলনে নারীরা এগিয়ে না এলে কখনো সমাজের উন্নয়ন হবে না মন্তব্য করে তিনি বলেন, সমাজ উন্নয়নে নারী উদ্যোক্তা বাড়াতে হবে এবং তাদের ঋণ প্রদানে সর্বাত্মক সহায়তা করতে হবে।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি, নারী উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মমানবতার সেবাসহ মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য। প্রতিযোগিতামূলক ব্যাংকিং ব্যাবস্থায় আমরা টিকে থাকতে চাই। এ লক্ষ্যে বাণিজ্য সম্প্রসারণের কোনো বিকল্প নেই।
জনতা ব্যাংককে একটি স্বনামধ্য ব্যাংক উল্লেখ করে তিনি বলেন, এটিকে আমাদের ব্র্যান্ড হিসেবে পরিণত করতে হবে। এক্ষেত্রে স্মার্ট ব্যাংকিং সেবা প্রদানে তথ্যপ্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে।
জনতা ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংকের সিইও এন্ড এমডি আবদুস সালাম। সম্মানিত অতিথি ছিলেন ডিএমডি মো. আবদুছ ছালাম আজাদ ও ডিএমডি মো. নাজিম উদ্দিন।
সম্মেলনে বক্তব্য দেন মো. কামরুল আহসান, মো. হুমায়ুন কবির চৌধুরী, মো. আবদুর রশিদ, মো. সিরাজুল করিম মজুমদার, ফারুক আহমদ, সরোয়ার কামাল, এজিএম মো. নুরুচ্ছাফা ও মোহাম্মদ জাকারিয়া, ব্যবস্থাপক পিন্টু কুমার সেন, শোভরাজ চক্রবর্তী, মোশারফ হোসেন মো. কুতুব উদ্দিন, আসিফ হাসান, কামরুন নাহার, তানজিরা তাহমিদ, মৌসুমী নাথ।