
নিউজ ডেস্ক : জেলার টঙ্গী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে টঙ্গীর খাপাড়া এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ ও টঙ্গী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- তামিরুল মিল্লাত মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র তৌহিদুজ্জামান রাফিদ, স্থানীয় ব্যবসায়ী আবদুল্লাহ (৩০) ও আনিসুর রহমান (৪২)। তৌহিদুজ্জামান রাফিদ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চুয়ারীখোলা এলাকার আক্তারুজ্জামানের ছেলে।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, টঙ্গীর তামিরুল মিল্লাত মাদ্রাসা সংলগ্ন রোডে মিল্লাত টাওয়ারসহ কয়েকটি ভবনে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে শিবিরের এক কর্মী এবং স্থানীয় দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ বলেন, এটি রুটিন ওয়ার্ক। জঙ্গি বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।