
নিউজ ডেস্ক : ঋণ জালিয়াতি মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের (বর্তমানে আইসিবি ইসলামিক ব্যাংক) প্রাক্তন তিন কর্মকর্তার সাত বছর করে সশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকার ৬ নং বিশেষ জজ ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন।দন্ডপ্রাপ্তরা হলেন- ওরিয়েন্টাল ব্যাংকের প্রাক্তন এভিপি মহিউদ্দিন আহম্মেদ, এভিপি সৈয়দ মাহবুব হাসান ও সিনিয়র অফিসার শহীদ উদ্দিন খন্দকার। কারাদন্ডের পাশাপাশি দন্ডপ্রাপ্তদের ৭৫ লাখ টাকা অর্থদন্ড করেছেন আদালত। এ অর্থদন্ডের টাকা তিনজনকে সমানভাবে দিতে হবে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালের জানুয়ারি মাসে আসামিরা ভুয়া ঋণপত্রের মাধ্যমে ওরিয়েন্টাল ব্যাংক বংশাল শাখা থেকে ৭৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এ ঘটনায় দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক সামছুল আলম মামলাটি তদন্ত করে তিন কর্মকর্তাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।