News71.com
 Bangladesh
 30 Mar 17, 07:20 PM
 230           
 0
 30 Mar 17, 07:20 PM

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীর থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক : নিজ বাড়ি থেকে আনুমানিক ৫ কিলোমিটার দূরে কর্ণফুলী নদীর তীর থেকে ছাত্রদল নেতা নুরুল আলম নুরুর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৪ টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে। নুরুর বাড়ি রাউজান উপজেলার গুজরা ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের কমলার দিঘীর পাড় এলাকায়। রাউজান থানার ওসি মো: কেফায়েত উল্লাহ বলেন, আমরা একটা লাশ উদ্ধার করেছি। মাথায় গুলির চিহ্ন আছে। সারা শরীরে আঘাতের চিহ্ন আছে। হাত-পা রশি দিয়ে বাঁধা। তার পরণে আছে লুঙ্গি।  শার্ট দিয়ে চোখ বাঁধা। মুখের ভেতর ওড়না ঢোকানো পাওয়া গেছে।

ওসি বলেন, পরিচয়ও আমরা নিশ্চিত হয়েছি। সে বিএনপির ক্যাডার নুরুল আলম নুরু প্রকাশ নুরাইয়া। তার বিরুদ্ধে রাউজান থানায় দুইটি হত্যা, একটি বিস্ফোরকসহ চারটি মামলা আছে।  এছাড়া আরও বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা আছে বলে আমরা জানতে পেরেছি।

প্রসঙ্গত, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে নগরীর কাতালগঞ্জ এলাকার বাসা থেকে নুরুকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। নুরু উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে আছেন। চট্টগ্রামের রাজনীতিতে নুরু বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও রাউজানের সাবেক সাংসদ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

গিয়াসউদ্দিন কাদের বলেন, গত (বুধবার) রাত সাড়ে ১১ টার দিকে জেলা পুলিশের একটা সশস্ত্র টিম চকবাজারের কাতালগঞ্জের বাসা থেকে নুরুকে তুলে নিয়ে গেছে। টিমের কয়েকজন জেলা পুলিশের ইউনিফর্ম পড়া ছিল। কয়েকজন ছিল সিভিল পোশাকে। রাউজান থানার নোয়াপাড়া ফাঁড়ির এস আই জাবেদ টিমের নেতৃত্ব দেয়। আজ তার লাশ পাওয়া গেছে বাগোয়ান ইউনিয়নের খেলার ঘাট এলাকায়। নদীর পাড়ে পড়ে ছিল লাশ। মাথায় সরাসরি গুলি করেছে। মাথা একেবারে থেতলে গেছে। আমরা নিশ্চিত হয়েছি এটাই নুরুর লাশ।

তিনি বলেন, নুরুর বিরুদ্ধে মামলা থাকতে পারে। তাকে গ্রেফতার করা হোক। প্রয়োজনে বিচারের মুখোমুখি করা হোক। কিন্তু একজন স্বাধীন দেশের নাগরিককে পুলিশ রাতের আঁধারে তুলে নিয়ে মেরে ফেলবে, এটা কেমন দেশ। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। রাউজান থানার ওসি কেফায়েত উল্লাহ বলেন, তাকে কারা তুলে নিয়েছে, কারা হত্যা করেছে আমরা এখনও নিশ্চিত নয়। পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ করা হয়নি। আগামীকাল (শুক্রবার) লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাব। পরিবারের পক্ষ থেকে নিশ্চয় মামলা দায়ের করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন