
নিউজ ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদে ট্রলারডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে এক শিশুসহ আরও সাতজনের লাশ উদ্ধার হয়েছে। এর আগে গত দুই দিনে পাঁচজনের লাশ উদ্ধার হয়। এ নিয়ে ট্রলারডুবিতে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। আজ সকাল সাতটা থেকে সোয়া আটটার মধ্যে পানগুছি নদের চারটি পৃথক স্থান থেকে লাশগুলো উদ্ধার হয়। তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। উদ্ধার কাজে স্থানীয় প্রসাশনের পাশাপাশি কাজ করছে বাংলাদেশ নৌবাহিনী।
এর মধ্যে দুর্ঘটনাস্থলের দক্ষিণে বদনিভাঙ্গা এলাকা থেকে দুই শিশুসহ তিনজন পুরুষ, খাউলিয়া থেকে একজন পুরুষ, আমড়াগাছিয়া থেকে একজন পুরুষ ও সোনাখালী থেকে এক নারী এবং পাশের আরেক চর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। বাগেরহাট ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদুর রহমান সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ছোলমবাড়িয়া খেয়াঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে মোরেলগঞ্জ পুরোনো থানা ঘাটে যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ১১ জন। ট্রলারডুবির পর থেকে পুলিশের পাশাপাশি উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড।
নৌবাহিনীর কমান্ডার মো. শাহরিয়ার আকন এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান জানিয়েছেন , আজ উদ্ধার করা লাশগুলো মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। গতকাল পর্যন্ত যে পাঁচটি লাশ উদ্ধার হয়েছে, সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে দাফনের জন্য ১৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।