
নিউজ ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশ জনগণকে সাথে নিয়ে জঙ্গি নির্মূলে কাজ করে যাচ্ছে। একের পর এক জঙ্গি আস্তানা সনাক্ত করে তা গুড়িয়ে দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তাদের (জঙ্গি) মূল উৎপাটনে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বুধবার (২৯ মার্চ) মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে ‘কমিউনিটি পুলিশিং’র সদস্যদের এক মহাসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় স্বারাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
মাদক নিয়ন্ত্রণের ওপর জোর গুরুত্ব দিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘মাদক হলো আরেক জঙ্গি, এটি তিলে তিলে মানুষকে শেষ করে দেয়। তাই সকলে মিলে মাদক নিয়ন্ত্রণ করতে হবে। সমাবেশে মুখ্য আলোচক ছিলেন পুলিশের আইজি একেএম শহীদুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস ও অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি।