News71.com
 Bangladesh
 29 Mar 17, 07:43 PM
 250           
 0
 29 Mar 17, 07:43 PM

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় বিমানের তিন কর্মকর্তা ফের রিমান্ডে

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটির ঘটনায় বিমানের তিন কর্মকর্তা ফের রিমান্ডে

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে মানবসৃষ্ট ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় বিমানের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের এক দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (২৯ মার্চ) পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কর্মকর্তরা হলেন- ইঞ্জিনিয়ার অফিসার নাজমুল হক, টেকনিশিয়ান সিদ্দিকুর রহমান এবং জুনিয়র টেকনিশিয়ান শাহ আলম। মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ইন্সপেক্টর মাহবুবুল আলম এ রিমান্ড আবেদন করেন। এর আগে দুই দফা ১২ দিনের রিমান্ড শেষে নাজমুল হক ও শাহ আলমকে গত ২৪ জানুয়ারি কারাগারে পাঠান আদালত। অন্যদিকে দুই দফা ১৪ দিনের রিমান্ড শেষে গত ১২ জানুয়ারি সিদ্দিকুর রহমানকেও কারাগারে পাঠান আদালত।

মামলার অপর আসামিরা হলেন- বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসিউরেন্স) এস এ সিদ্দিক ও প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা এস এম রোকনুজ্জামান, সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস এবং জাকির হোসাইন। দুই দফা রিমান্ড শেষে তারা কারাগারে রয়েছেন।

গত বছর ২০ ডিসেম্বর বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এম এম আসাদুজ্জামান বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন। দন্ডবিধির ১০৯, ১১৮, ১২০ (খ), ২৮৭ এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলাটি করা হয়। ২১ ডিসেম্বর মামলার এজাহার আদালতে আসলে আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত বছর ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি  উড়োজাহাজে  (বোয়িং-৭৭৭) যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে বিমানটি। অন্য একটি উড়োজাহাজ পাঠিয়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের হাঙ্গেরিতে পৌঁছানোর ব্যবস্থা করা হলেও পরে ত্রুটি সারিয়ে ওই উড়োজাহাজেই হাঙ্গেরি যান প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন