
নিউজ ডেস্ক : মুঠোফোনে লোভনীয় প্রস্তাবের বার্তা (এসএমএস) পাঠিয়ে প্রতারণার অভিযোগে মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোনের সিইও রাজীব শেঠিসহ ২২ কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়ের হয়েছে। বুধবার (২৯ মার্চ) চট্টগ্রাম চতুর্থ মহানগর হাকিম হারুন উর রশিদের আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম বারের আইনজীবী এডভোকেট এস এইচ এম হাবিবুর রহমান আজাদ। বাদির আইনজীবী এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানান, আদালত মামলাটি গ্রহণ করে এজাহার হিসেবে রেকর্ড করার জন্য নগরীর ইপিজেড থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদি মুঠোফোন ব্যবহারকারী নগরীর সিইপিজেড এর ব্যাংক কলোনি গেইটের জাফর ম্যানশানের তৃতীয় তলার বাসিন্দা হওয়ায় ইপিজেড থানা পুলিশকে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
মামলায় যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি (৫৫), প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও পরিচালক শরীফ আহমেদ (৫০), টেকনিক্যাল বিভাগের স্পেশালিস্ট আহমেদ মঞ্জুর উদ দৌলা (৫২), অর্থ তহবিলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মো. শাহেদ (৫০), ট্রাস্টি বোর্ডের সদস্য মাইনুর রহমান ভুঁইয়া (৪৮), মঈনুল কাদের (৪৫), মঞ্জুর উদ দৌহা (৪৭) এবং হেড অব এক্সটারনাল কমিউনিকেশান সৈয়দ তালাত কামাল (৪২)। মামলায় আরও অভিযুক্ত করা হয়েছে, গ্রামীণফোনের সাবেক সিইও টরি জনসন ও ভিভেক শড, বর্তমান সিআরও কাজী মনিরুর কবির, সিপিও তানবীর মাহমুদ, সিসিএও মোহাম্মদ হোসাইন, এসএও এরান বানকি, নির্বাহী কর্মকর্তা (পরিকল্পনা ও প্রশাসন) আদনান কবির, ব্যবস্থাপক (হিসাব) সমির জিত, উপ ব্যবস্থাপক (প্রশাসন) আশিক গাই, গ্রামীণ ফোনের মূল কল সেন্টারের অপারেটর রাজীব ও সাবেক প্রধান মো.আরিফুজ্জামান এবং চট্টগ্রামে গ্রামীণফোন কার্যালয়ের ইনচার্জ বাকী উল বিল্লাহ।
অভিযুক্তদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৬৬(২)/৭৪ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। মামলার আরজিতে অভিযোগ আনা হয়েছে, বাদি ২০১২ সালের ৭ সেপ্টেম্বর গ্রামীণফোনের একটি লোভনীয় অফারের প্রতি আকৃষ্ট হয়ে মাত্র ২৫ পয়সায় প্রতি মিনিট জিপি থেকে জিপি নম্বরে কথা বলার জন্য ১০ টাকার বিনিময়ে গ্রামীণফোনের ৯৯৯৯ নম্বরে রেজিস্ট্রেশন করেন। ৪০ মিনিটের এ সুবিধা প্রদানের জন্য তার কাছ থেকে গ্রামীণফোন কেটে নেয় ১১টাকা ৫০ পয়সা। কিন্তু রেজিস্ট্রেশনের আধা ঘণ্টার মধ্যেই গ্রামীণফোন তাদের দেয়া সুযোগ প্রত্যাহার করে নেন। ফলে বাদি রেজিস্ট্রেশন করেও তার প্রাপ্য সুবিধা ভোগ থেকে বঞ্চিত হন। অথচ ঘোষিত অফার অনুযায়ী তার দুইদিন পর্যন্ত এ সুবিধা ভোগের মেয়াদ ছিল। ওই বছরের ১৬ সেপ্টেম্বর দুপুর দেড়টার সময় বাদি গ্রামীণফোনের ১২১ নম্বরে ডায়াল করে জনৈক অপারেটর রাজিবের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। অপারেটর বাদির নম্বর চেক করে অভিযোগের সত্যতা স্বীকার করে এ বিষয়ে তার কিছু করণীয় নেই বলে বাদিকে জবাব দেন।
এ অবস্থায় বাদি ২০১২ সালের ২৪ সেপ্টেম্বর আদালতে দন্ডবিধির ৪০৬, ৪২০ ও ৩৪ ধারায় মামলা দায়ের করেন। বিচার বিভাগীয় তদন্ত শেষে আদালত মামলাটি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর ৭৭ (২) ও ৭৮ ধারায় দায়েরের নির্দেশ দেন। ২০১৪ সালের ২৮ জানুয়ারি বাদি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে ইপিজেড থানায় মামলা দায়ের করতে গিয়ে ব্যর্থ হন। ১৯ ফেব্রুয়ারি একই আইনে আদালতে আরেকটি মামলার আরজি জমা দিলেও সেটি গ্রহণ না করে বিটিআরসিকে তদন্ত করে সত্যতা পেলে মামলা করার কথা বলা হয়। এরপর বাদি ২০১৫ সালের ২০ অক্টোবর অভিযোগ তদন্ত করার জন্য বিটিআরসির চেয়ারম্যান বরাবরে একটি চিঠি দেন। বিটিআরসি তদন্ত করে অভিযোগের সত্যতা পেলেও প্রতিবেদনে উল্লেখ করেন, গ্রাহক আরেকটি অফার চালু করায় স্বয়ংক্রিয়ভাবে আগের অফারটি বাতিল হয়ে গেছে। বিটিআরসির প্রতিবেদনটি প্রত্যাখান করে একই অভিযোগে বাদি আবারও বুধবার মামলা দায়ের করেছেন।