News71.com
 Bangladesh
 29 Mar 17, 06:40 PM
 222           
 0
 29 Mar 17, 06:40 PM

রাজশাহীতে বেসরকারী মেডিকেলের মহিলা হোস্টেল থেকে বিদেশি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীতে বেসরকারী মেডিকেলের মহিলা হোস্টেল থেকে বিদেশি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক : রাজশাহীর নওদাপাড়া এলাকায় অবস্থিত ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের মহিলা হোস্টেল থেকে রাওদা (২০) নামে মালদ্বীপ থেকে পড়তে আসা এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।বুধবার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২ টার দিকে হোস্টেলের দ্বিতীয় তলার ২০৯ নম্বর কক্ষ থেকে ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।

রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবদুল আজিজ রিয়াজ জানান, রাওদা এমবিবিএস ১৩তম ব্যাচের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সকালে তার সহাপাঠীরা ক্লাসে রাওদাকে না পেয়ে তার কক্ষে যায়। সেখানে ডাকাডাকি করে সাড়া না পেয়ে সবাই মিলে দরজা ভাঙে। পরে তার ঝুলন্ত মরদেহ দেখে কর্মকর্তাদের খবর দেয়। এ সময় কলেজ ও হাসপাতালের কর্মকর্তারা গিয়ে মরদেহ দেখে থানায় খবর দেন। পরে শাহ মখদুম থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানান আবদুল আজিজ রিয়াজ নামে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের ওই প্রশাসনিক কর্মকর্তা।

রাজশাহীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, তারা গিয়ে বিদেশি ছাত্রীর মরদেহ পেয়েছেন। কীভাবে এ ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হবে। কাজটি শেষ হলে মৃত্যুর কারণ সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে বলে জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন