News71.com
 Bangladesh
 28 Mar 17, 10:44 PM
 269           
 0
 28 Mar 17, 10:44 PM

কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

কুমিল্লায় সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

নিউজ ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ২৫ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় এক প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার করে কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমান জিলানী ২৫ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীক নিয়ে নির্বাচন করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, ভোরে কুমিল্লা সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের চৌরাস্তায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এর আগে সোমবার রাতে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী লাটিম প্রতীকের খলিলুর রহমান মজুমদারের বাড়ি ও গাড়িতে হামলা ভাংচুর করে ঘুড়ি প্রতীক প্রার্থী জিল্লুর রহমান জিলানীর সমর্থকরা। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার বিএনপি সমর্থক কাউন্সিলর প্রার্থী খলিলুর রহমান মজুমদারের সমর্থকরা জিল্লুর রহমানে বাড়িতে হামলা চালায়। হামলায় অনিক নামে এক শিশুর পায়ে গুলি লাগে। তাকে আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনিক ২৫ নম্বর ওয়ার্ডে চৌয়ারা গ্রামের মিঠু চৌধুরীর ছেলে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন বলেন, লাটিম প্রতীক প্রার্থীর বাড়ি ও গাড়িতে হামলা, ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় ঘুড়ি প্রতীক কাউন্সিলর প্রার্থী জিল্লুর রহমান জিলানীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন