
নিউজ ডেস্ক : গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের একটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ৬ জুন ধার্য করেছেন আদালত। আজ মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন।
ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, মঙ্গলবার মামলাটি চার্জশুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলার প্রধান আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। এজন্য আমরা চার্জশুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করি। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ ৬ জুন ঠিক করেছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় আসামিরা মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করে। মামলায় ফখরুলের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ আনা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ বিশ্বাস ২০১৪ সালের ২৮ ফেব্রুয়ারি মির্জা ফখরুলসহ ৭৩ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।