
মো: রাজু আহমেদ : রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে। বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে তাসকিনের হ্যাটট্রিকে ৪৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩১১ রানের বেশি করতে পারেনি লঙ্কানরা। ম্যাচটি জিততে গেলে বাংলাদেশের গড়তে হবে নতুন রেকর্ড। ম্যাচ শেষ হওয়ার পর পরই বৃষ্টি এসে হানা দেয় ডাম্বুলায়। বৃষ্টির কারণে উইকেট ঢেকে রাখা হয়েছে। বৃষ্টির মাত্রাও বেশি। বৃষ্টির কারণে ঠিক সময়ে খেলা শুরু হতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। বৃষ্টির কারণে কার্টেল ওভারে খেলা হলে রানরেট বেড়ে যাওয়ার ফলে বাংলাদেশের জন্য সেটা কঠিন হয়ে দাঁড়াবে।
দলের হয়ে দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কুশল মেন্ডিস। সপ্তম শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। মেন্ডিসের ১০২, উপুল থারাঙ্গার ৬৫ রান।
এদিকে রনগিরি স্টেডিয়ামে ২৮৯ রানের বেশি তাড়া করে জিতেনি কোনো দল। শ্রীলঙ্কার মাটিতেই এখন পর্যন্ত ৩০০ বা এর বেশি রান তাড়া করে জিততে পারেনি কোনো দল। বাংলাদেশকে জয় পেতে হলে রেকর্ড গড়তে হবে। ডাম্বুলায় ২০০৯ সালের ৩ আগস্ট পাকিস্তানের দেওয়া ২৮৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে জয় পায় শ্রীলঙ্কা। এ ছাড়া পরে ব্যাটিং করে এ স্টেডিয়ামে জয় আছে দশ ম্যাচে। একদিক থেকে বাংলাদেশ অবশ্য ইতিবাচক থাকতে পারে। সর্বোচ্চ ৩২২ রান তাড়া করে জয়ের রেকর্ড বাংলাদেশের। সেটাও বিদেশের মাটিতে। ২০১৫ সালের ৫ মার্চ নিউজিল্যান্ডের নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ৩২২ করেছিল বাংলাদেশ।
বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে এর আগে ৫ টি ম্যাচ জিতেছে। এর ৪ টিই লক্ষ্য তাড়া করতে নেমে। ২০১৩ সালে আজকের এ দিনেই শ্রীলঙ্কার মাটিতে প্রথম জয় পেয়েছিল বাংলাদেশ। সেটাও লক্ষ্য তাড়া করতে নেমে, ৩ উইকেটে। আজ সেই দিনটিকে ফিরিয়ে আনতে পারবেন তো তামিম, সৌম্যরা।
অপরদিকে ম্যাচের শেষ দিকে তিন বলে তিন উইকেট নিয়ে ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের স্বাদ পান তাসকিন। ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে গুনারতœকে আউট করে শুরু করেন তিনি। ফুলার লেংথ বল মিড অফের ওপর দিয়ে মারতে গিয়ে সৌম্য সরকারের হাতে ক্যাচ দেন গুনারতেœ। পরের বলে ফুলটসে মিড উইকেটে ক্যাচ দেন সুরঙ্গা লাকমাল। শেষ বলে মুখোমুখি নুয়ান প্রদ্বীপ। দারুণ এক ইয়র্কারে বোল্ড করেন প্রদ্বীপকে।
পঞ্চম বাংলাদেশি এবং সব মিলিয়ে ৪১তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করলেন তাসকিন। হ্যাটট্রিক পূর্ণ হওয়ার পর স্বপ্নের ডানা মেলে উড়াল দিলেন তাসকিন। পুরো দিন উদযাপনের উপলক্ষ খুঁজছিলেন। শেষ ওভারে আসে সেই সুযোগটি। ইংল্যান্ডের স্টিভেন ফিনের পর শেষ ওভারে হ্যাটট্রিক করার অনন্য কৃর্তি গড়লেন বাংলাদেশের গতিদানব।তাসকিনের আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে হ্যাটট্রিকের স্বাদ পেয়েছিলেন শাহাদাত হোসেন, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।