
নিউজ ডেস্ক : আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন বেশি নিরপেক্ষতা দেখাতে গিয়ে সরকারি দলের প্রতি বেশি নিষ্ঠুর আচরণ করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। আজ মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এইচ টি ইমাম বলেন, ‘আমরা কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনকে অগ্নিপরীক্ষা মনে করছি না। তবে এটি একটি কঠিন পরীক্ষা। এ নির্বাচন কমিশনের প্রথম বড় নির্বাচন এটি। আমরাও নির্বাচন কমিশনকে সহযোগিতা করব যাতে নির্বাচনটা সবার কাছে গ্রহণযোগ্য হয়।’ তিনি বলেন, ‘কুমিল্লায় ১৫-১৬ জন প্রিজাইডিং অফিসারের নিরপেক্ষতা নিয়ে আমাদের আপত্তি রয়েছে। এ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছি।
কুমিল্লায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘এমন কিছু হলে আমাদের চোখে পড়ত। তারা মুখে অনেক কিছুই বলেন। বিশেষ করে বিএনপির তিন-চারজন নেতা এমনভাবে বলেন যেন ভাঙা রেকর্ডের মতো। সেই শোনা কথায় আমরা কান দেই না। এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মশিউর রহমান, দপ্তর সম্পাদক আব্দুস সালাম গোলাপ, রেজাউল কবীর কাওছার, রাশেদুল হক।