News71.com
 Bangladesh
 28 Mar 17, 07:13 PM
 218           
 0
 28 Mar 17, 07:13 PM

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের মামলায় ১৭ জনের নামে চার্জ গঠন

মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের মামলায় ১৭ জনের নামে চার্জ গঠন

নিউজ ডেস্ক : মাগুরায় মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহত হওয়ার আলোচিত ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমনসহ ১৭ জনের নামে চার্জ গঠন করা হয়েছে।মঙ্গলবার (২৮ মার্চ) মাগুরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ আরাফাত হোসেনের আদালতে এ চার্জ ( অভিযোগপত্র) গঠিত হয়। রাষ্টপক্ষের আইনজীবী  সৈয়দ ফিরোজুর রহমান জানান, পুলিশের দেওয়া চার্জশিটভুক্ত ১৭ আসামির সবার নামই আদালত অভিযোগপত্রে বহাল রেখেছেন। মামলা থেকে অব্যাহতি চেয়ে পাঁচ আসামির আবেদন আদালত খারিজ করে দেন। একই সঙ্গে আদালত আগামী ৮ মে ২০১৭ মামলার স্বাক্ষগ্রহণ শুরুর দিন ধার্য করেছেন।

মামলার চার্জভুক্ত আসামিরা হচ্ছে-সুমন সেন, আলী আকবর, মুজিবুর রহমান,  সুমন আলী, ফরিদুর রহমান, সাগর, বাপ্পী গাজী, ইলিয়াস মোল্যা, সোহেল মিয়া, লিটন মল্লিক, মিল্টন মল্লিক, নজরুল ইসলাম, সোবহান শেখ, সোলায়মান হোসেন, তৈয়বুর রহমান তোতা, মো. সুমন, আয়নাল শেখ। চার্জশিট ভুক্তদের মধ্যে সেন সুমন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও তৈয়বুর রহমান তোতা জেলা সমবায় লীগের সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও আধিপত্য নিয়ে ক্ষমতাসীন দলের দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মমিন ভূইয়া নামে একজন নিহত হন। এ সময় আট মাসের গর্ভবতী নাজমা বেগম পেটে গুলিবিদ্ধ হন। পরে অপারেশন করে নাজমা বেগমের গর্ভ থেকে শরীরের একাধিক স্থানে গুলিবিদ্ধ অবস্থায় একটি কন্যা শিশু ভূমিষ্ট করান চিকিৎসকরা। শিশুটির নাম রাখা হয় সুরাইয়া।

এ ঘটনায় নিহত মোমিন ভুইয়ার ছেলে রুবেল ২৬ জুলাই তার বাবাকে হত্যা এবং মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের ঘটনায় মাগুরা সদর থানায় ১৬ জনের নামে মামলা দায়ের করেন। মামলার আসামিদের মধ্যে আজিবর নামে একজন পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়। পরবর্তীতে পুলিশী তদন্তে অপর একজনের নাম বাদ পড়ে। তোতা, আয়নাল ও মুন্না নামে তিন জনের নাম নতুন করে অন্তর্ভুক্ত করে ২০১৫ সালের ৩০ নভেম্বর ১৭ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এদিকে সব আসামির বিরুদ্ধে চার্জ গঠন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সুরাইয়ার মা নাজমা বেগম। তিনি দ্রুত বিচার কাজ সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন