
নিউজ ডেস্ক : নাশকতাসহ বিভিন্ন মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ছয়টি ওয়ার্ডের ছয়জন কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান বিষয়টি জানান। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদের এ বরখাস্তাদেশ জারি করা হয়।
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান বলেন, সিটি করপোরেশন আইন- ২০০৯ এর ১২-১ উপধারায় উল্লেখ আছে যাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা আছে তাদের সাময়িক বরখাস্ত করা যাবে। এ ধারা অনুযায়ী উল্লেখিত কাউন্সিলরদের বিরুদ্ধে মামলা থাকায় এবং অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় এ বরখাস্তের আদেশ দেওয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব (সিটি করপোরেশন শাখা-১) মো. মাহমুদুল আলম ২৭ মার্চ আদেশে স্বাক্ষর করেন।
বরখাস্ত কাউন্সিলররা হলেন- ৭ নম্বর ওয়ার্ডের (কাউনিয়া ব্রাঞ্চ এলাকার) সৈয়দ আকবর হোসেন, ৯ নম্বর ওয়ার্ডের (কাঠপট্টি এলাকার) মো. হারুন অর রশীদ, ১৮ নম্বর ওয়ার্ডের (বটতলা এলাকার) মীর একেএম জাহিদুল কবীর, ২৪ নম্বর ওয়ার্ডের (রূপাতলী এলাকার) মো. ফিরোজ আহমেদ, ২৫ নম্বর ওয়ার্ডের (রূপাতলী বাসস্ট্যান্ড এলাকার) মো. জিয়াউদ্দিন সিকদার ও ২৬ নম্বর ওয়ার্ডের (হরিনাফুলিয়া এলাকার) কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন আহমেদ। এ বিষয়ে ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন আহমেদ জানান, তিনি সাময়িক বরখাস্তের বিষয়টি মৌখিকভাবে শুনেছেন, তবে চিঠি পাননি।