
নিউজ ডেস্কঃ নেত্রকোনার মোহনগঞ্জে পৃথক ২ টি সংঘর্ষের ঘটনায় ৭ নারীসহ অন্তত ৪০ জন গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় পাবই গ্রামের রাবিউল্লাহকে (২৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদেরকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসব ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পাবই গ্রামের আবু হানিফ ও একই গ্রামের মৃত নূর মিয়ার ছেলে রুমান মিয়ার পক্ষের লোকজনের মধ্যে এবং একই দিন বেলা ১১টার দিকে উপজেলার কলুংকা গ্রামের আবু তাহের ও আবু জাহেরের লোকজনের মধ্যে পৃথক এ দুইটি সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার সুয়াইর ইউনিয়নের পাবই গ্রামের আবু হানিফের ছেলে শাহীন মিয়া (২৩) তার লোকজন নিয়ে গতকাল বুধবার বিকেলে একই গ্রামের মৃত নূর মিয়ার ছেলে রুমান মিয়ার (২২) বাড়ির পাশের জমি থেকে মাটি কেটে নিয়ে যায়। পরে এ নিয়ে ওইদিন সন্ধ্যায় শাহীন ও রুমানের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই জের ধরে আজ সকাল সাড়ে আটটার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। প্রায় ৪০ মিনিট ব্যাপি চলা এ সংঘর্ষে প্রতিপক্ষের ধাড়ালো অস্ত্র, লাঠিসোটা ও ইট-পাটকেলের আঘাতে রাশিয়া বেগম (২৬), কামরুন্নাহার (২০), আনারকলি (৪২), শিউলি আক্তার (১৮), ললিতা বেগম (২০)সহ অন্তত ৩০জন গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে একই দিন সকাল ১১টার দিকে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কলুংকা গ্রামের আবু জাহের ও তারই প্রতিবেশী আবু তাহেরের লোকজনের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বাধেঁ। সংঘর্ষে প্রতিপক্ষের লোকজনের ধাড়ালো অস্ত্র ও লাঠিসোটার আঘাতে খুকুমণি (৪০), শিউলি আক্তার (১৮)সহ কমপক্ষে ১০জন গুরুতর আহত হন।মোহনগঞ্জ থানার ওসি মো. মেজবাহ উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের লোকজনই আহতদের চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছে। তবে এসব ঘটনায় এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে