
নিউজ ডেস্ক : বিচারিক আদালত থেকে মৃত্যু পরোয়ানা (ডেথ ওয়ারেন্ট) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফাঁসি কার্যকরের আদেশের কাগজপত্র এলে জেলকোড অনুসারে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি কার্যকরের প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। ‘তবে আমরা সব সময়ই ফাঁসি কার্যকরে প্রস্তুত থাকি’ বলেও মন্তব্য করেন তিনি। বুধবার (২২ মার্চ) রাজধানীর পুরান ঢাকায় পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারে সংবাদ সম্মেলন শেষে এসব কথা জানান তিনি।
সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুলকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং দেলোয়ার হোসেন রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। সরকারের সিদ্ধান্ত ও জেলকোড অনুসারে ২১ থেকে ২৮ দিনের মধ্যে (২১ দিনের আগে নয়, তবে ২৮ দিনের মধ্যে) ফাঁসি কার্যকর করবে কারা কর্তৃপক্ষ।
আইজি প্রিজন সাংবাদিকদের বলেন, ‘রিভিউ খারিজের রায় আইন অনুসারে গেছে সিলেটের বিচারিক আদালত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আদালত ঢাকা কেন্দ্রীয় কারাগারে ডেথ ওয়ারেন্ট পাঠাবেন। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফাঁসি কার্যকরের দিনক্ষণসহ আদেশ পাঠাবে। এসব আদেশের অনুলিপি আসবে আমার কাছেও। এরপর জেলকোড মেনে ফাঁসির প্রক্রিয়া শুরু করবো’। একাধিক সূত্রে জানা যায়, মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলের ফাঁসির রিভিউ আবেদন খারিজের রায়ের কপি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পৌঁছেছে।
এছাড়াও কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে আটক থাকা মুফতি আব্দুল হান্নান ও তার সহকারী শরীফ শাহেদুল বিপুলকে ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) খারিজের রায়ের কপি পড়ে শোনানো হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জেল সুপার মিজানুর রহমান তাদের রায়ের কপি পড়ে শোনান হয়েছে বলে জানিয়েছেন জেল সুপার মিজানুর রহমান। তৃতীয় আসামি দেলোয়ার হোসেন রিপন সিলেট জেলা কারাগারে রয়েছে।
মুফতি আব্দুল হান্নান ও তার সহকারী শরীফ শাহেদুল বিপুলকে ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) খারিজের রায়ের কপি পড়ে শোনানোর পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন বলেও নির্ভর যোগ্য সূত্র জানায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নান ও শরীফ শাহেদুল বিপুল। তবে রাষ্ট্রপতি এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত দেননি জানায় সূত্রটি।
প্রসঙ্গত, রবিবার (১৯ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তিন জঙ্গির মৃত্যুদন্ড বহাল রেখে সর্বোচ্চ আদালতের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) খারিজ করে দিয়েছেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে যেকোনও সময় তাদের মৃত্যুদন্ড কার্যকর হতে পারে। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছেন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নান ও শরীফ শাহেদুল বিপুল।
অপর দিকে মুফতি হান্নানের মৃত্যুদন্ড স্থগিত চেয়েছেন এইচআরডব্লিউ। বাংলাদেশে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত মুফতি আব্দুল হান্নানসহ তিন আসামির মৃত্যুদন্ড কার্যকর প্রক্রিয়া অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা-হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। যুক্তরাষ্ট্রভিত্তিক এ আন্তর্জাতিক সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, তারা যেকোনো দেশে, যেকোনো পরিস্থিতিতেই সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিরোধিতা করে।
বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, ‘বিচার প্রক্রিয়ায় সর্বোচ্চ মান নিশ্চিত করতে হবে বিশেষ করে যখন কারও জীবন ঝুঁকির মুখে পড়ে এবং এখানে কোনো সন্দেহ বা ভুলের সুযোগ থাকতে পারে না।’ এখন শাস্তি হিসেবে মৃত্যুদন্ডের বিরোধিতা করে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া ডিরেক্টর ব্রাড অ্যাডামস সংস্থার এক বিবৃতিতে বলেন, ‘অপরাধীদের শাস্তি হতে হবে কিন্তু মৃত্যুদন্ডের প্রয়োগ করে বাংলাদেশ ভুল পথে অগ্রসর হচ্ছে।’
বিবৃতিতে বলা হয়, মৃত্যুদন্ড পাওয়া তিনজনের বিরুদ্ধে যে প্রমাণাদি তার মূল ভিত্তি তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি যেটা ম্যাজিস্ট্রেটের সামনে তারা স্বেচ্ছায় দিয়েছেন বলে বলা হচ্ছে। কিন্তু তারা পরে বলেছেন, পুলিশি হেফাজতে নির্যাতন করে তাদের কাছ থেকে ওই স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় করা হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচের দাবি, তারা অতীতে অনেক মামলায় জোর করে স্বীকারোক্তি আদায় ও বিচার কার্যক্রমে সঠিক প্রক্রিয়া লঙ্ঘনের তথ্য পেয়েছে। বিবৃতিতে বলা হয়, আদালতের ডকুমেন্ট থেকে দেখা যায় স্বীকারোক্তি দেয়ার আগে মুফতি আব্দুল হান্নান ৭৭ দিন এবং অন্য দুই আসামি শরীফ শাহেদুল আলম বিপুল ও দেলোয়ার হোসেন রিপন ৪০ দিন করে পুলিশি হেফাজতে ছিল। যদিও বাংলাদেশের আদালত পুলিশি হেফাজতে নির্যাতনের অনেক অভিযোগই গ্রহণ করেছে এবং স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো প্রায়শই এ ধরনের ঘটনার প্রতিবাদ করে থাকে। ব্রাড অ্যাডামস বলেন, ‘হিউম্যান রাইটস ওয়াচ দীর্ঘদিন ধরেই জঙ্গি হামলাগুলোর ঘটনায় দায়ীদের বিচারে সমর্থন দিয়ে আসছে। কিন্তু আমরা বারবারই বলে আসছি যে এসব বিচার অবশ্যই আন্তর্জাতিক মানের হতে হবে এবং বাংলাদেশকে মৃত্যুদন্ড বন্ধ করার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। এতে দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আনোয়ার চৌধুরীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। এ মামলায় ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত ৫ আসামির মধ্যে মুফতি হান্নান, বিপুল ও রিপনকে মৃত্যুদন্ড এবং মহিবুল্লাহ ও আবু জান্দালকে যাবজ্জীবন কারাদন্ড দেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত মুফতি হান্নান ও শরীফ শাহেদুল বিপুলকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং দেলোয়ার হোসেন রিপনকে সিলেট কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।
নিয়ম অনুসারে মৃত্যুদন্ড অনুমোদন করতে প্রয়োজনীয় নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি ২০০৯ সালে আসামিরা জেল আপিল করেন। গত বছরের ৬ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হয়। বিচারিক আদালতের দন্ড বহাল রেখে ১১ ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন হাইকোর্ট।
গত বছরের ২৮ এপ্রিল হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। ১৪ জুলাই আপিল করেন দুই আসামি হান্নান ও বিপুল। অপর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি রিপন আপিল না করলেও আপিল বিভাগ তার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ করেন।আপিলের শুনানি শেষে গত বছরের ৭ ডিসেম্বর আসামিদের আপিল খারিজ হয়ে যায়। গত ১৭ জানুয়ারি এ রায় প্রকাশের পর আসামিরা রিভিউ করেন।