News71.com
 Bangladesh
 20 Mar 17, 11:22 PM
 243           
 0
 20 Mar 17, 11:22 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহিলা লীগের ২ গ্রুপের সংঘর্ষ......

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহিলা লীগের ২ গ্রুপের সংঘর্ষ......

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুর্ণবাসন কেন্দ্রের আওয়ামী মহিলা লীগের সভাপতি দাবি করে এবং এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহিলা লীগের ২ গ্রুপের মাঝে ২ দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় মহিলা লীগ নেত্রীসহ নিরীহদের দোকানপাট ও বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ দুপুর পর্যন্ত এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্রের ( প্রস্তাবিত রাসেল নগড় ইউনিয়ন) আওয়ামী মহিলা লীগের সভাপতি দাবি করে আসছে মহিলা লীগ নেত্রী ও ইউপি সদস্য বিউটি আক্তার কুট্রি ও অপর মহিলা লীগ নেত্রী নাজমা বেগম। সভাপতির পদ ও এলাকার বিভিন্ন আধিপত্য বিস্তার নিয়ে বিউটি আক্তার কুট্রির সঙ্গে নাজমা বেগমের বেশ কয়েক দিন ধরেই দ্বন্ধ চলে আসছে।

গতকাল রবিবার সন্ধ্যায় এবং আজ সোমবার দুপুরে বিউটি আক্তার কুট্রিসহ তার বাহিনীর লোকজন লাঠিসোটা ও ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নাজমা বেগমসহ তার লোকজনের উপর হামলা চালায়। এসময় নাজমা বেগমের লোকজনও পাল্টা হামলা চালায়। এসময় ২ গ্রুপের মাঝে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন