
নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের রাজীবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সুজন মিয়া নামের ৭ম শ্রেণির এক স্কুল ছাত্রকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে নানার বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর ৫ দিনেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আজ সোমবার অপহৃত পরিবারের পক্ষ থেকে রাজীবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক সুজনকে অপহরণ করে বলে উল্লেখ করা হয়।
অপহৃত সুজন মিয়ার চাচা খলিলুর রহমান অভিযোগ করেন, একই চরের আব্দুর রাজ্জাকের পুত্র পাপু মিয়া ১ জন ডাকাত দলের সদস্য। পরিকল্পিত ভাবে সুজনকে অপহরণ করা হয়েছে। পাপুকে গ্রেপ্তার করলেই সব বেরিয়ে আসবে। অপরদিকে অভিযুক্ত আব্দুর রাজ্জাক অভিযোগ করে বলেন, এটা একটা নাটক করছে তারা। নিজেদের ছেলেকে লুকিয়ে রেখে আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।
রাজীবপুর থানার ওসি পৃথীশ কুমার সরকার জানান, নিখোঁজের বিষয়টি আগে জানানো হয়নি। হঠাৎ করেই বলা হচ্ছে তাকে অপহরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে আমাদের সন্দেহ হচ্ছে। কেননা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২ পক্ষের মধ্যে মামলা মোকাদ্দমা চলছে। তবে আমরা খোঁজখবর নিচ্ছি।